লন্ডন প্রতিনিধি
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় মাইনরিটি সম্প্রদায়ের জানমাল রক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বৃটেনে বসবাসরত সংখ্যালঘু নেতারা। ৫ ডিসেম্বর দুপুর ১টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে একটি পিটিশন হস্তান্তরের মাধ্যমে সংখ্যালঘুনেতারা বিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ মাইনরিটি ল-ইয়ার ফোরাম ইকের জেনারেল সেক্রেটারী স্বপন কুমার মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল ইউকের সেক্রেটারী জেনারেল সমীর দাস, বৌদ্ধ এসোসিয়েশন ইউকের প্রশান্ত বড়ুয়া, স্যাকুলার বাংলাদেশ মুভেমেন্ট ইউকের পুষ্পিতা গুপ্তা, ক্যাম্পেইন ফর রিলিজিয়াস মাইনরিটিস বাংলাদেশ ইউকের জেনারেল সেক্রেটারী অজিত শাহা ও জগন্নাথ হল এলোমনাই এসোসিয়েশন ইউকের তপন শাহার নেতেৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে মাইনরিটি সম্প্রদায়ের দাবি সম্বলিত লিখিতি পিটিশনটি হস্তান্তর করেন। ব্রিটিশ প্রধানম্ত্রীর পক্ষে দশ ডাউনিং স্ট্রীটের একজন কর্মকর্তা এটি গ্রহণ করেন।
পিটিশনে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘূ সম্প্রদায়ের উপর উগ্র মৌলবাদীদের একের পর এক হামলা, হুমকী এমনকি দেশের বিভিন্ন স্থানে হিন্দু নারীদের নির্যাতন, জোর করে দেশত্যাগে বাধ্য করা, সম্পত্তি দখল-বাড়ী ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট এবং ধর্মীয় উপাসনালয়ে অগ্নি সংযোগ সহ দেশব্যাপী বিভিন্ন সময়ে নির্যাতনের চিত্র তুলে ধরেন।
বিশেষ করে ৩০ অক্টোবর ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগরে, ২৮ অক্টোবর ২০১৫ সালে ফেনী জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার চিত্র তুলে ধরা হয়। এছাড়া চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ধ্বংস করা সহ সাতক্ষিরা ও দেশের অন্যান্য স্থানে উগ্রবাদীদের হামলার চিত্র তুলে ধরা হয় পিটিশনে।
পিটিশনে উল্লেখ করা হয়, ২০০১ সাধারন ইলেকশনের পর ইসলামী উগ্রবাদী দল জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা দেশব্যাপী সংখ্যালঘুদের টার্গেট করে একের পর এক হামলা চালায়, এটি এখনও অব্যাহত রয়েছে। প্রতিদিনিই বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। অনেকেই ভয়ে দেশ ত্যাগে বাধ্য হচ্ছে, কোন কোন স্থানে উগ্রবাদীরা জোর করে নিরীহ সংখ্যালঘুদের ধর্মান্তরিত করছে। বাংলাদেশে এটি কোন নতুন বিষয় নয় ১৯৪৭ সালের পর থেকে ক্রমাগত ভাবে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হয়ে আসছে। এসব ব্যাপারে মামলা হলেও তাৎক্ষণিকভাবে নির্যাতিদের আশ্বস্ত করা হলে কোন ঘটনার বিচার না হওয়ার কারণেই উগ্র মৌলবাদীরা উৎসাহিত হচ্ছে।


