আমিনুল ইসলাম, তাহিরপুর
শনির হাওরে ব্রি-ধান ২৮ এর ধান গাছের গোড়া বিবর্ণ হয়ে সবুজ রঙা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ কারণে হাওরপাড়ের কৃষকদের নির্দিষ্ট লক্ষমাত্রার চেয়ে কম ধান উৎপাদনের আশঙ্কা দেখা দিয়েছে।
তাহিরপুর উপজেলার শনির হাওর পাড়ের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক নেপাল দেবনাথ জানান, তিনি এ বছর তার ১১ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমিতে ব্রি-ধান ২৮ রোপণ করেছেন। তার পাশের জমির আলমগীর শাহ ১৫ কিয়ার জমিতে ব্রি-ধান ২৮ রোপণ করেছেন। শনিবার দুপুরে তিনি তার জমিতে গিয়ে দেখেন রোপিত ধান গাছের গোড়ার দিক বিবর্ণ হতে শুরু করেছে, ধান গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। সেখানে সবুজ রঙের পোকা দেখা গিয়েছে। এ অবস্থায় তিনি রোগাক্রান্ত ধানের চারাগাছ ও পোকাগুলো তাহিরপুর বাজারে নিয়ে আসলে বাজারে উপস্থিত কৃষকগণ তাহিরপুর উপজেলা কৃষি অফিসে গিয়ে পরামর্শ নেয়ার জন্য বলেন। কৃষক নেপাল দেবনাথ ধানের চারাগাছ নিয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেন।
এ বিষয়ে কৃষক আলমগীর শাহ বলেন, তার জমিতে ধান গাছের গোড়াতে বিবর্ণ রঙ ও সবুজ রঙা পোকা দেখা দেয়ার কারণে তিনি স্থানীয় কৃষকদের সাথে পরামর্শ নিয়ে এক বস্তা লবণ তার পুরো জমিতে ছিটিয়ে দেন।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ভাটি তাহিরপুর গ্রামের কৃষক নেপাল দেবনাথ ধান গাছের চারা নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে পরামর্শ নিতে আসলে তারা তাকে বলে দিয়েছেন, ধান গাছের গোড়াতে বাদামী দাগ পড়েছে। এ রোগটি দূরীকরণের জন্য আক্রান্ত জমিতে নাইটু অথবা অটোষ্টিন স্প্রে করে দেয়ার পরামমর্শ দেন তিনি।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা বলেন, ভাটি তাহিরপুর গ্রামের কৃষক নেপাল দেবনাথ ধান গাছের গোড়াতে বিবর্ণ রঙ ও সবুজ পোকা ধরেছে এ বিষয়টি শনিবার আমাকে জানিয়েছিল। রবিবার অফিসে এসে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিকট থেকে চিকিৎসার পরামর্শ নিয়েছে।
- সৌদিতে জগন্নাথপুরের ১ নারীকে আটকে রেখে চলছে নির্যাতন
- সুশৃঙ্খল সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই-নুরুল হুদা মুকুট


