ধাড়ারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি- পরিদর্শনপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রণালয়ের

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরতলির সুরমা নদীর ধাড়ারগাঁও-হালুয়ারঘাটে সেতু নির্মাণ করা যায় কী-না, তা সরেজমিনে পরিদর্শনপূর্বক এবং পরীক্ষা-নিরীক্ষা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।
গত ১৫ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের  
সংশ্লিষ্ট বিভাগ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে এই পত্র পাঠিয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম ও এডিপি শাখার সিনিয়র সহকারী প্রধান মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই পত্রের অনুলিপি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
প্রসঙ্গত. গত ১০ অক্টোবর সুনামগঞ্জের ধাড়ারগাঁওয়ের বাসিন্দা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি’র) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক  লাখ লাখ মানুষের গমনাগমনের এই পথে সেতু নির্মাণের দাবি বহুদিনের উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আধাসরকারি পত্র দিয়েছিলেন।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ প্রসঙ্গে জানান, ধাড়ারগাঁও-হালুয়ারঘাটে সেতু নির্মাণের দাবী এই অঞ্চলবাসীর দীর্ঘদিনের। বিষয়টি জরুরি মনে করে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র কাছে আধাসরকারি পত্র দিয়েছিলেন। মাননীয় মন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়েছেন। এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ সরেজমিনে পরিদর্শনপূর্বক পরীক্ষান্তে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘আমি মনে করি এই সেতু হলে সুরমার উত্তরপাড়ের সদর অংশের ৩ টি এবং দোয়ারাবাজারের ৩ টি ইউনিয়নবাসীর জেলা সদরসহ সারা দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। নদী পাড়াপাড়ের ভোগান্তি দূর হবে’।