ধোপাখালী শ্মশানঘাটের ভূমিতে বালি ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের হিন্দু ধর্মবলম্বীদের প্রধান সৎকার স্থান ধোপাখালি শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর তীরে অবৈধভাবে বালি-পাথর ও বাঁশ ফেলে রেখে লাশ সৎকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাসের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে শ্মশানঘাটের পশ্চিম দিকে নদীর পাড়ে অবৈধভাবে-বালু পাথর ফেলে রেখে প্রতিবদ্ধতার বিষয়টি নজরে পরে অনেকের। এছাড়া প্রতিবন্ধকতা তৈরির বিষয়টি দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন স্থানীয় অনেকেই।
ধোপাখালী শ্মশানঘাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ একাধিক লোক জানিয়েছেন, শ্মশানঘাটে লাশের সৎকার শেষে শ্মশানটি নদীর জল দিয়ে ধুয়ে মুছে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হয়। তাই প্রতিটি লাশ সৎকারে নদী থেকে জল আনা খুবই জরুরী। এছাড়া লাশ সৎকার শেষে সৎকার কাজে অংশগ্রহণকারীদের ¯œানসহ সকল কাজই নদীর জলে সারতে হয়। কিন্তু শ্মশানঘাটের প্রতিবেশী ইদ্রিস আলী নদী থেকে পানি আনা ও নদীর ঘাটে আসা-যাওয়ার পথে অবৈধভাবে বালি-পাথর ও বাঁশ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছেন।
শনিবার সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, ধোপাখালী শ্মশানঘাটের দক্ষিণ দিকে একটি সীমানা ও নিরাপত্তা দেয়াল রয়েছে। কিন্তু ওই দেয়ালের ভেতরে শ্মশানঘাটের পশ্চিম দিকে নদীর তীরে অবৈধভাবে বালি-পাথর ও বাঁশ ফেলে রাখা হয়েছে। উপস্থিত স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন অবৈধভাবে ওই বালি-পাথর ও বাঁশ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন শ্মশানঘাটের   পার্শ্ববর্তী বাড়ির মালিক ইদ্রিছ আলীর ছেলেরা। শ্মশানঘাটের প্রতিবেশী ওই ইদ্রিছ আলীর পরিবারের বিরুদ্ধে শ্মশানের মূল্যবান ভূমি অবৈধভাবে দখল করার অপচেষ্টার অনেক অভিযোগ রয়েছে। শ্মশানঘাটের ভূমি দখল করতে তাদের বিরুদ্ধে জাল দলিল করাসহ নানা অভিযোগ রয়েছে।  তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন  ইদ্রিছ আলীর ছেলে নাসির উদ্দিন।
ইদ্রিছ আলীর ছেলে নাসির উদ্দিন দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘এসব ফালতু কথা। বাঁশ-বালু কে রাখছে তা আমি জানি না, বলতে পারব না, শ্মশান কমিটিই জানে। আমি ওই জায়গায় যাই না। এই জায়গা নিয়ে আদালতে আগের মামলা আছে, মামলা চলতেছে।’ তবে আদালতের মামলায় তিনি বাদী না বিবাদী পক্ষ তা জানতে চাইলে বলেন, ‘আমি এখন কইতাম পারি না।’
ধোপাখালী শ্মশানঘাট পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সেবক কুমার দাস বলেন,‘একটি জালিয়াত চক্র বহুদিন ধরে এই শ্মশানঘাটের মূল্যবান ভূমি অবৈধভাবে দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই জালিয়াত চক্রকে সবাই মিলে প্রতিহত করতে হবে, না হলে একসময় আসবে এই শ্মশানঘাটের ভূমি দখল করে কারো লাশ সৎকার করতে দিবে না এই চক্রটি। শ্মশানঘাটকে ভূমি খোকো চক্রের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্টরা সঠিক ভুমিকা পালন করছেন না।  ’
ধোপাখালী শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস বলেন,‘ইদ্রিছ আলীর পরিবার অবৈধভাবে জাল দলিল সৃষ্টি করে শ্মশানঘাটের মূল্যবান ভূমি দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। সে শ্মশানঘাটের পশ্চিমে বালি-পাথর ফেলে রেখে আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। জাল দলিল তৈরিসহ তার নানা অপচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক, দুদকসহ বিভিন্ন জায়গায় আমরা লিখিত আবেদন করেছি।’
অভিযোগ রয়েছে, শ্মশানঘাটের পাশের প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভূমি দখলের জন্য নানাভাবে তৎপরতা চালিয়েছে ভূমিখেকোরা। ভূয়া দলিল ও নামজারী করে একপক্ষ, ভূয়া কাগজপত্র দেখিয়ে আরএস জরিপে নিজের নামে রেকর্ড করে আরেকপক্ষ এই ভূমি আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
অবশ্য. জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নির্দেশে শ্মশানঘাটের পাশের ভূমি এক নম্বর খতিয়ানভুক্ত করে শ্মশানঘাট কমিটিকে বন্দোবস্ত দেবার প্রস্তাব দেওয়া হয়েছে।