স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সদর উপজেলার ডলুরা এলাকায় ধোপাজান চলতি নদী পরিদর্শন করেছেন সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হক। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় তিনি সরেজমিনে গিয়ে ধোপাজান নদী পরিদর্শন করেন। এসময় তিনি নদীর পাড় কেটে বালু- পাথর উত্তোলণের চিত্রও দেখেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, বোমা মেশিন দিয়ে বালু- পাথর উত্তোলন করা হয়, এমন অভিযোগ পেয়ে আমি এসেছি। প্রাথমিক ভাবে সত্যতা পেয়েছি। নদীর তীর ঘেঁষে অনেক বালু- পাথর উত্তোলনের কারণে ধোপাজান নদীর পাড় ভেঙে সুরঙ্গো সৃষ্টি হয়েছে। এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। একই সাথে নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন, তাদের জন্যও হুমকি স্বরূপ। বড় ধরনের বন্যা এবং দুর্যোগ আসলে নদীর তীর ভেঙে এলাকার মানুষের জীবনযাত্রা ব্যাহত হতে পারে।
তিনি বলেন, নদী তীরবর্তী এলাকার মানুষ পুরোপুরি নদীর উপর নির্ভরশীল। তাদের প্রধান জীবিকা নির্বাহ হয় এই বালু- পাথর থেকে। সেই ক্ষেত্রে সরকারি ভাবে বালু – পাথর ইজারা হলে একদিকে সরকার রাজস্ব আয় পাবে, অন্য দিকে তীরবর্তী এলাকার মানুষের জীবিকা নির্বাহ হবে।


