নজির হোসেনকে মাঠে কাজ করার নির্দেশ খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজির হোসেন। বৃহস্পতিবার রাত দেড়টার সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজধানীর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন। বেগম খালেদা জিয়ার সাথে নজির হোসেনের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির একাধিক নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজির হোসেন বলেন, ‘আমি বৃহস্পতিবার রাত দেড়টায় ম্যাডামের গুলশান কার্যালয়ে উনার সাথে সাক্ষাৎ করেছি। তাঁকে সুনামগঞ্জে বিএনপির অবস্থা ও বিভিন্ন ইউনিটের বর্তমান অবস্থা অবগত করেছি। সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় আমি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছি এবং ফসলহারা       
কৃষকদের সাথে কথা বলছি, এছাড়া সংগঠনের নানা বিষয় আমি ম্যাডামের কাছে তুলে ধরেছি। সংগঠনকে শক্তিশালী করতে তিনি আমাকে মাঠে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।’
নজির হোসেন জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে গুলশান কার্যালয়ে সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ সভাপতি মো. শাহাজাহানসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ান ইলিভেন সরকারের আমলে সংস্কারপন্থী হিসাবে অভিযুক্ত হয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজির হোসেন বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন কোনঠাসা ছিলেন। নানা কারণে তাঁর উপর ক্ষুব্ধ ছিলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ইতোপূর্বে জেলা বিএনপির একাধিক কমিটি হলেও তাকে কমিটিতে রাখা হয়নি। সর্বশেষ গত ২৫ মে তারিখে গঠিত জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে সিনিয়র সদস্য পদে রাখা হয়েছে।