নতুন প্রজন্মকে একাত্তরের ইতিহাস জানাতে হবে -কাজী মুকুল

স্টাফ রিপোর্টার
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার জন্য সর্বস্তরে জনমত তৈরি করে একাত্তরে মানবতা বিরোধী অপরাধীদের আইনি পন্থায় সাজা নিশ্চিত করাই নির্মূল কমিটির মূল উদ্দেশ্য। এটি কোন রাজনৈতিক দল নয়। আমরা কখনও ক্ষমতায় যাব না। কিন্তু ক্ষমতায় যারা যাবেন তারা যাতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নেন সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে কাজী মুকুল বলেন, নতুন প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশের কা-ারী। তাঁদেরকে একাত্তরের রক্তাক্ত ইতিহাসের কথা জানাতে হবে এবং অবশ্যই তারা যাতে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হন সেই প্রচেষ্টা থাকতে হবে সকলের।
রবিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক এনামুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, কবি ইকবাল কাগজীসহ সংগঠনের নেতৃবৃন্দ।