নদীর পাড়ের মাটি কেটে বিক্রির দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর এলাকার বড়পাড়ায় নদীর পাড়ের খাস জমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মৃত. মছরব আলীর ছেলে রফিক মিয়া (৪০)।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহরিয়ার আদালত পরিচালনা করে এই জরিমানা প্রদান করেন।
জানা যায়, বছরের পর বছর ধরে বড়পাড়া এলাকার কয়েকজন মিলে নদী পাড়ের প্রায় ২ কিলোমিটার এলাকার মাটি কেটে বিক্রি করে আসছে। নদীর পাড়কে ক্ষত বিক্ষত করে লাখপতি হয়েছে তারা। নদীর পাড়ের মাটি কাটায় বাঁধা দিলেও তারা আমলে নেয় না। তাই বাধ্য হয়ে গতবছর এলাকার একটি ক্লাব ডিসি অফিসে অভিযোগ জানান। সুনামগঞ্জের জেলা প্রশাসক সদর ইউএনও’র মাধ্যমে খাস জায়গা চিহ্নিত করে সবাইকে মৌখিক ভাবে সতর্ক করেন। এরপর গতকাল থেকে আবারও মাটি কাটা শুরু করলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত রফিক মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহরিয়ার জানান, দীর্ঘদিন যাবত তারা সরকারি সম্পত্তি বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে লিখিত অভিযোগের মাধ্যমে ব্যবস্থাও নেয়া হয়। আজ আবার মাটি কাটলে সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগে তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।