নদী খননের সুবিধার্থে ভিন্ন পথে নৌ চলাচলের দাবি

স্টাফ রিপোর্টার
রক্তি ও যাদুকাটা নদীর খনন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভিন্নপথে নৌযান চলাচল ও নিয়ন্ত্রণ করার আহবান জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া।
এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ- নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর প্রধান প্রকৌশলীর কাছে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে পাউবোর নির্বাহী প্রকৌশলী উল্লেখ করেছেন, বর্তমান সরকার হাওরের বোরো ফসল রক্ষায় রক্তি ও যাদুকাটা নদীর খনন কাজ করছে। কিন্তু প্রায়ই বালু ও পাথর ভর্তি বাল্কহেড ড্রেজারের সাথে আটকে গিয়ে ড্রেজিং কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই সুষ্ঠুভাবে ড্রেজিং কাজ বাস্তবায়ন ও তরান্বিত করার জন্য সাময়িকভাবে ভিন্ন পথে বাল্কহেড চালানো ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
চিঠির অনুলিপি পাউবোর সিলেটের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পাউবোর ড্রেজার পরিচালন বিভাগের নির্বাহী প্রকৌশলী , হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে প্রদান করা হয়েছে।