নদী ভাঙছে আমবাড়ি বাজার

আকরাম উদ্দিন
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়িবাজার এলাকায় সুরমা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কবলে পড়ে কয়েকটি গ্রাম, মসজিদ, কবরস্থান, বাজারের রাইস মিলসহ শতাধিক ঘর-বাড়ি ও গাছপালা বিলীন হয়ে গেছে। এতে গৃহহারা হয়ে পড়েন এলাকার শত শত পরিবার। এলাকাবাসী নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করছেন।
জানা যায়, দেশ স্বাধীনের পর থেকে আমবাড়িবাজার এলাকায় এই ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনের ফলে সংকীর্ণ সুরমা নদী ক্রমান্বয়ে প্রশস্ত হতে থাকে। সুরমার উত্তরপাড় তেমন না ভাঙলেও দক্ষিণপাড় ভেঙ্গে সুরমায় নিয়ে গেছে পুরো জগিরগাঁও গ্রাম ও ধনপুর গ্রামের বিরাট একটি অংশ এবং আমবাড়ি বাজারের শতাধিক দোকান ঘর ও গাছপালা।
স্থানীয় বাসিন্দারা জানান, দেখার হাওরের ফসল বাঁচাতে দেশ স্বাধীনের পর পান্ডারখালে মাটির বাঁধ দেয়া হয়। এই বাঁধ দেয়ায় ফসল রক্ষা হলেও নতুনভাবে এই এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়। যদি পান্ডারখালে স্লুইস গেইট নির্মাণ করা হতো, তখন এই নদী ভাঙ্গন দেখা দিতো না।
আমবাড়িবাজারের পূর্বদিকে প্রায় দেড় কি.মি.
এবং পশ্চিম দিকে ১ কি.মি. এলাকাজুড়ে এই ভাঙ্গন পরিলক্ষিত হচ্ছে। নদী ভাঙ্গনের হাত থেকে আমবাড়িবাজার রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আবুল কালাম, আকবর আলী, নাজিম উদ্দিন ও রফিক মিয়াসহ আরও অনেকে।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘কয়েক বার আমার বাড়ি ঘর ভেঙ্গে নিয়ে গেছে সুরমা নদীর ভাঙ্গনে। এখন আমার বাজারে একটি মাত্র দোকান ঘর আছে এটিতে ব্যবসা করে জীবন যাপন করছি। আমার পাশের দোকান ঘর নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গন প্রতিরোধে কোনো উদ্যোগ নেয়নি কেউ।’
স্থানীয় বাসিন্দা মো. তাহের মিয়া (৯৩) বলেন, ‘নদীর ভাঙ্গনে বাজারের অনেক ক্ষতি হয়েছে। এক সময় আমাদের আমবাড়িবাজার ঐতিহ্যবাহী বাজার ছিল। বাজারের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় অনেক স্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’
মো. খুর্শিদ আলী বলেন (৮০) বলেন, ‘স্বাধীনতার আগে এই নদী ভাঙ্গন ছিল না। পান্ডারখালের বাঁধ দেয়ার পর থেকে শুরু হয়েছে নদী ভাঙ্গন। এতে ঘর-বাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে ঘর-বাড়ি ও বাজারের দোকান পাটের। নদী ভাঙ্গন প্রতিরোধ জরুরি প্রয়োজন।’
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক দাস বলেন,‘আমরা নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রস্তাব পাঠিয়েছি। ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’