নবনির্বাচিত ইউপি জনপ্রতিনিধিগণের শপথ গ্রহণ- আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে

আকরাম উদ্দিন
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মানুষ যে বিশ্বাস ও আস্থা নিয়ে ভোট দিয়েছেন, সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাল্যবিয়ে, যৌতুক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কাজ করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব¡ দিতে হবে।
তিনি বলেন, ‘কাজের ক্ষেত্রে শুধুমাত্র ইউনিয়নের সচিবদের ওপর ভরসা করলে চলবে না। মনে রাখতে হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই প্রতিষ্ঠানের একজন নির্বাহী কর্মকর্তা। আপনাদের প্রথম কার্যদিবসের শুভসূচনা যেন হয় সমাজসেবামূলক ভাল একটি কাজ দিয়ে হয়। ভোট দিতে জনগণ কখনও ভুল করেন না। তারা সঠিক মানুষকে, পছন্দের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত  করেন। এই জন্য আপনাদের দায়িত্বের জায়গা আরো সুদৃঢ় করতে হবে। ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সুশৃংখলভাবে সাজাতে হবে। তেরোটি স্থায়ী কমিটিকে সক্রিয় রাখতে হবে। গ্রাম-আদালতকে প্রথম থেকে জাগিয়ে তোলতে হবে সকল ইউনিয়নে।
তিনি আরও বলেন, ‘ইউনিয়নের প্রত্যেক জনপ্রতিনিধি মন স্বচ্ছ রেখে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। কে কত বরাদ্দ পেলেন এইসব খবর বেশিরভাগ মানুষ জেনে ফেলেন। তাই আপনার কাজে যেন গুণগতমান, সততা ও স্বচ্ছতা বজায় থাকে। সব সময় মনে রাখবেন সব কাজে আপনার সম্মান যেন অক্ষুন্ন থাকে। ’
মঙ্গলবার বিকালে পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুন খন্দকার।
ইউপিজিপি প্রকল্পের জেলা ফ্যাসিলেটিটর খন্দকার রবিউল আউয়াল নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া, দোয়ারাবাজার ইউনিয়নের সদস্য নেহারুনন্নেসা ও গৌরারং ইউনিয়নের সদস্য আব্দুল আলীম।
অনুষ্ঠান শুরুতেই সুনামগঞ্জে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত তিনটি উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও নারী সদস্যরা শপথ নেন। এতে সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথগ্রহণ করেন।
ওইদিন দুপুর থেকেই নির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আসেন। তবে নির্ধারিত আমন্ত্রণপত্র ছাড়া অন্যরা হলে ঢুকতে পারেননি।
অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে চেয়ারম্যানদের শপথ পাঠ করান সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সদস্যদের শপথ পাঠ করান সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ।