পুলক রাজ
সড়কের স্থানে স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত। একটু বৃষ্টি হলেই সেসব গর্তে পানি জমে যায়। এতে বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও সড়ক ব্যবহারকারী লোকজনকে ভোগান্তির শিকার হতে হয়। এই দুরবস্থা সুনামগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের নবীনগর বাজার সড়কের। বেহাল সড়কের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, নবীনগর বাজারের ব্যস্ত সড়কটির দু’পাশে রয়েছে ছোট বড় দোকান, ওয়ার্কশপ। সড়কের প্রায় পুরো অংশই খানাখন্দে ভরা। বেহাল সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগের সীমা নেই। রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, মোটরসাইকেল, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা, বাস, মালবোঝাই ট্রাক, পিকআপ, লরিসহ অন্যান্য যানবাহন মাঝেমধ্যে সড়কের গর্তে আটকা পড়ে। যানবাহনের চাকা গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।
অটো রিকশা ড্রাইভার মজনু মিয়া বলেন, আমরা অটোরিকশা নিয়ে নবীনগর সড়ক দিয়ে আসতে চাই না। সড়ক এতো বেশী ভাঙ্গা যে গাড়ীর পার্স নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
স্থানীয় জয়নাল হোসেন বলেন, একটা সড়ক বছরের পর বছর বেহাল অবস্থায় পরে রয়েছে। ফলে মানুষ যাতায়াত করতে সমস্যা হচ্ছে। আমরা চাই সড়কটি দ্রুততম সময়ে ভালো ভাবে মেরামত করা হোক।
স্বাধীন আহমেদ বলেন, দীর্ঘদিন নবীনগর সড়কে মেরামত ও সংস্কার কাজ হয়নি। ১ নং ওয়ার্ডের কাউন্সিলরের কাছে আমার অনুরোধ রইলো দ্রুত এই সড়ক মেরামত করার উদ্যোগ নিন।
ফারুক মিয়া বলেন, সড়কের বেহাল দশায় চলাফেরা করতে যা কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি দিলে পানি ছোট-বড় গর্তে জমে থাকে। চলাচলে সমস্যা হয়। আবার সড়কে শুকনো সময়ে ভাঙ্গা সড়কে ইট পাটকেলের যন্ত্রণা। পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যত দ্রুত সম্ভব সড়কের সংস্কার কাজ করুন।
এ বিষয়ে আবুল সুনামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আবুল হাসনাত মো. কাওসার বলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি সড়কের সমস্যা নিয়ে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সড়কের কাজ শুরু করার।
- আলফাত উদ্দিন মোক্তার’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া
- দক্ষিণ সুনামগঞ্জে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা


