দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী’র নিজের কেন্দ্র কুলঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা বিজয়ী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী’র সিংহ মার্কা
বিজয়ী হয়েছে।
নাছির উদ্দিন চৌধুরী’র দিরাই উপজেলার কুলঞ্জ কেন্দ্রে ১৬৭০ ভোটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেন গুপ্তা পান ৫৯৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পান ৩৯১ ভোট।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের ধনপুর কেন্দ্রে ড. জয়া সেন গুপ্তা পান ৭৩৮ ভোট এবং ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৯৩৩ ভোট।
প্রচারণার শুরু থেকেই জেলা বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু’র পক্ষে প্রচারণা শুরু করেন। তিনি গণমাধ্যমকেও বলেন,‘আমি সভা করে আমাদের ভোট নৌকায় নয়, স্বতন্ত্র প্রার্থীকে দেবার জন্য বলেছি।’
অন্যদিকে. প্রচারণার শুরুতেই জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের ঘনিষ্ট কিছু নেতাকর্মী আওয়ামী লীগ প্রার্থীর বিরোধিতা করে আসছিলেন। অবশ্য. মতিউর রহমান নিজে ড. জয়া সেন গুপ্তার পক্ষে সভা-সমাবেশ করেছেন।
ধনপুর কেন্দ্রের ফলাফল প্রকাশের পর যুবদলের ওয়ার্ড সভাপতি জালাল উদ্দিনের সমর্থকরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেক মিয়ার সমর্থকদের উপর হামলা করেছেন বলে খালেক মিয়া অভিযোগ করেছেন।


