ভারী বর্ষণে ভিজে কেন্দ্রে আসেন ভোটাররা

স্টাফ রিপোর্টার
‘ছাত্তি লইয়া আওয়া যার না। এমন মেঘ (বৃষ্টি) আষাঢ় মাসেও দেয় না। বেটাইন (পুরুষ) ঘর থাকি বারাইতো ফারের না, বেটিনতে (মহিলারা) ভোটও আওয়ার চিন্তাঔ করের না।’ সকাল ৮ টা ১০ মিনিটে দিরাই উপজেলার শরিফপুর কেন্দ্রে আসা প্রথম ভোটার শরিফপুর গ্রামের আরজু মিয়ার মন্তব্য এটি। সকাল সোয়া ১০ টা পর্যন্ত দাঁড়িয়ে দেখা যায় ছাতা মাথায় দিয়ে কাক ভেজা হয়ে কেউ  
 কেউ এসে ভোট দিচ্ছেন।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস রায় সকাল  সোয়া ১০ টায় বলেন,‘৩২০০ ভোটারের মধ্যে এখন পর্যন্ত ৫০ জন এসেছেন। প্রকৃতি’র অবস্থা এমন থাকলে কী পরিমাণ ভোট কাস্ট হবে বুঝতে পারছি না।’
সকাল সাড়ে ১০ টায় দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছিলেন আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেন গুপ্তা। ঐ সময় পর্যন্ত এই কেন্দ্রে ভোট কাস্ট হয় ৫০ টি। ভোট প্রদান শেষে তিনি জয়ের আশাবাদ ব্যক্ত করে গণমাধ্যমকর্মীদের বলেন,‘দিরাই-শাল্লার মানুষ অতীতেও ভুল করেননি, এবারও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারার বাইরে যাবেন না তারা’।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন,‘আবহাওয়ার উপর নির্ভর করছে ভোট কী পরিমাণ কাস্ট হবে’।
ভরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টায় গিয়ে কিছু ভোটারের লাইন দেখা যায়। তখন আবহাওয়া স্বাভাবিক হয়ে আসে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. ভাস্কর চন্দ্র তালুকদার বলেন,‘দুপুর ১ টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি কম ছিল। এরপর থেকে ভোটার বাড়ায় ৫০০’এর মতো ভোট কাস্ট হয়েছে।’
দুপুর ২ টায় একই উপজেলার ফাতেমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় একই অবস্থা। দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে ঘর থেকেই বের হননি ভোটাররা। আবহাওয়া ভাল হবার পর কিছু ভোট কাস্ট হয়েছে।
বেলা ২ টায় প্রিজাইডিং অফিসার আব্দুল হাই খান জানান ৪৫০০ ভোটের মধ্যে ১০০০ এর মতো ভোট কাস্ট হয়েছে।
 বিকাল সাড়ে ৩ টায় জেলা নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক বলেছেন, বুধবার রাত থেকে বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণ শুরু হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একই অবস্থা ছিল। দুপুর থেকে আবহাওয়া স্বাভাবিক হলে ভোটার উপস্থিতি বাড়ে। আমাদের ধারণা ৪০ শতাংশেরও বেশি ভোট কাস্ট হবে।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন বিকাল সাড়ে ৩ টায় শরিফপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘ভোট কেমন হয়েছে, আরো পরে বলতে হবে। আপনারা গিয়ে দেখুন অনেক কেন্দ্রে জাল ভোট হচ্ছে।’
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, দিরাই-শাল্লার ১১০ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। দিরাই উপজেলা মাহতাবপুর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী’র সমর্থক একরার হোসেন (বহিস্কৃত যুবলীগ নেতা) ভোটারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তাকে এবং তাঁর সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
গত ৫ ফেব্রুয়ারি বর্ষিয়াণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর কারণে এই আসনের উপ-নির্বাচন হয়।