নাতনি আজেলিয়া কোলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

সু.খবর ডেস্ক
লন্ডনে গিয়ে নাতনি আজেলিয়া জয় পার্সিকে কোলে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রথম আজেলিয়াকে কাছে পেয়েছেন তিনি। রোববার হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছেই সর্বকনিষ্ঠ নাতনি আজেলিয়াকে কোলে তুলে নেন তিনি। আজেলিয়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের কন্যা।
তিন দিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরামে’ যোগ দেয়ার পথে লন্ডনে যাত্রা বিরতিতে রয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, স্থানীয় সময় বিকাল ৪টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী মটর শোভাযাত্রা সহযোগে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছান। হোটেলে শিশু কন্যাকে নিয়ে টিউলিপ ও তার স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি ছাড়াও টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ৯ এপ্রিল লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। ২০১৩ সালে রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর থাকার সময় যুক্তরাজ্যের নাগরিক পার্সিকে বিয়ে করেন টিউলিপ।