নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করলেন কমনওয়েলথ মহাসচিব

লন্ডন প্রতিনিধি
আন্তর্জাতিক নারী বিরোধী সহিংসতা বর্জন দিবসে  (International Day for the Elimination of Violence Against Women) নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করলেন কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড। ২৫ নভেম্বর শুক্রবার লন্ডন সময় বেলা আড়াইটায় লন্ডনে কমনওয়েলথ সদর দপ্তর মার্লবরো হাউসে  সাংবাদিক সৈয়দ আনাস পাশাকে দেয়া এক সাক্ষাতকারে এই প্রশংসা করেন তিনি। দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানমালার ফাঁকে এই সাক্ষাতকার দেন কমনওয়েলথ মহাসচিব। অবশ্য তার এই আলাপচারিতা শুধু নির্দিষ্ট বিষয়েই তিনি সীমাবদ্ধ রাখেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে নারীর বিরুদ্ধে অব্যাহত সহিংসতা নির্মূলে কমনওয়েলথ  পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন  ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লানেট ৫০-৫০ এওয়ার্ড পাওয়ার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে পেট্রিসিয়া বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে শেখ হাসিনা পুরস্কার পাওয়ায় আমি আনন্দিত। ভালো কাজের স্বীকৃতি সবারই পাওয়া উচিত। ‘এই স্বীকৃতি শুধু নারী নেতৃত্ব নয়, পুরুষ নেতৃত্বও পাবেন’ পেট্রিসিয়া স্কটল্যান্ড তার এমন আশাবাদের কথাও জানান সাক্ষাতকারে।
তিনি বলেন, আমাদের থেমে থাকলে চলবে না, অভ্যন্তরীণই হোক বা বাইরেই হোক সমাজের সকল স্থর থেকে নারী বিরোধী সহিংসতা নির্মূলে আমাদের আরও বেশী বেশী কাজ করতে হবে। এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য সম্পর্কে বলতে গিয়ে কমনওয়েলথ মহাসচিব বলেন, বিরোধী দলীয় নেত্রী, স্পীকার, প্রধানমন্ত্রী নারী, বাংলাদেশের এই অর্জন সবার জন্যে উদাহরণ। মজা করে এসময় তিনি ‘বলেন, এরপর বাংলাদেশের প্রধান বিচারপতিও হবেন নারী’ । ব্রিটেনে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার নাজমুল কাওনাইনের সাথে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের কথাও জানান কমনওয়েলথ মহাসচিব।  তাঁর সাথে কথা বলে ভালো লেগেছে।