নিম্নাঞ্চলে বন্যা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিপাত এবং উজানে অর্থাৎ ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে গত ৭২ ঘণ্টায় অস্বাভাবিক বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা জানিয়েছেন, এই বর্ষা মৌসুমে সুনামগঞ্জে নদ নদীর পানি শনিবার সকালে সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২ টায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদ সীমার ৫৭ সেন্টিমিটার এবং পাহাড়ী নদী যাদুকাটার পানি বিপদ সীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
শহরের পাশ দিয়ে যাওয়া সুরমা ও মেঘালয় থেকে নেমে আসা সীমান্তবর্তী পাহাড়ী নদীগুলোর পানি কূল উপচে প্রত্যন্ত এলাকায় প্রবেশ করায় নদী তীরবর্তী এলাকা ও জেলার সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, বিশ^ম্ভরপুর এবং তাহিরপুরের নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বাড়ি-ঘরে শনিবার সকালেই পানি ওঠার খবর পাওয়া গেছে। সুনামগঞ্জ শহরের ষোলঘর, কাজীর পয়েন্ট, উত্তর আরপিননগর, তেঘরিয়া, বড়পাড়া এলাকার চলাচলের সড়কে এবং কিছু নিচু ঘর বাড়িতেও পানি ওঠেছে। দুপুরের পর থেকে এসব এলাকা দিয়ে শহরে পানি ঢুকছিল। এভাবে পানি ঢুকা অব্যাহত থাকলে শহরের বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি উঠার আশংকা দেখা দিয়েছে।
এদিকে, সীমান্তের ওপার অর্থাৎ ভারত থেকে নেমে আসা পিয়াইন ও চেলা নদী বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ছাতকের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদ সীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর কূল উপচে ছাতক শহর, নোয়ারাই, ছৈলা আফজলাবাদ, জাউয়াবাজার ইউনিয়নসহ উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান জানিয়েছেন, ভারতের মেঘালয়- চেরাপুঞ্জিতে গত ৭২ ঘণ্টায় ৯০২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯০ মিলিমিটার বৃষ্টি এবং এর আগের ৭২ ঘণ্টায় ২৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ কারণে সুরমা নদীর পানি বিপদসীমা ৭.৮ অতিক্রম করে ৮.২৬ সেন্টিমিটার এবং পাহাড়ী নদী যাদুকাটার পানি বিপদ সীমা ৮.৫ অতিক্রম করে ৮.৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ শুক্রবার রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে জেলার নি¤œাঞ্চল প্লাবিত হবার আশঙ্কা ব্যক্ত করে, এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।