নির্বাচনী জের ধরে গৌরারংয়ে নিরীহদের বাড়িতে হামলা বিভিন্ন সংগঠনের নিন্দা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামে পূর্ব বিরোধ ও নির্বাচনী বিরোধের জের ধরে নিরীহদের বাড়িঘরে দুই দফা হামলা ও মহিলাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ৭ জন নারী আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার রাত সাড়ে ৯ টায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, দুলন রানী দাস (৩০), শিপ্রা রানী দাস (৩৫), দীপা রানী দাস (২৭), কাকলী রানী দাস (২৭),রানী দাস (২৬) ও ইলা রানী দাস (৩০)। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থীদের ভোট না দেওয়ার অভিযোগ এনে পূর্ব বিরোধের জের মেটাতে গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে নেহার উদ্দিন, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল আউয়াল ও আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমান শিবলুর লোকজন তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এ ঘটনায় রবিবার দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে মৃত. প্রতুল দাসের ছেলে প্রণয় দাস। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে আসার পর ক্ষুব্ধ হয়ে রাতে এ হামলা চালায় প্রতিপক্ষ। হামলার সময় ওই পরিবারের পুরুষ লোকেরা বাড়িতে ছিলেন না।
অভিযোগ করা হয়, গ্রামের নেহার উদ্দিন, আব্দুল আউয়াল ও মিজানুর রহমান শিবলুর   নেতৃত্বে ১০/১২ জন লোক একই গ্রামের প্রতাপ দাস, প্রণয় দাস, প্রমোদ দাস, দেবস্বাদ দাস ও প্রীতেশ দাসের বাড়িতে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ৭ নারী আহত হন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, সোমবার বিকালে গৌরারং গ্রামের ঘটনাস্থল পরিদর্শন ও হামলায় আহতদের সাথে কথা বলেছেন জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে নৃপেশ তালুকদার নানু, বিমল বণিক, শুভব্রত বসু, স্বপন কুমার দাস, সুনামগঞ্জ পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষে অ্যাড. রতন রায়, অ্যাড. রাধাকান্ত সূত্রধর ও চন্দন রায়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ আহতের সব ধরণের সহযোগিতা ও পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।
প্রণয় দাস জানান, হুমকি ধামকির বিষয়ে রবিবার দুপুরে গ্রামের নেহার উদ্দিন, আব্দুল আউয়াল ও মিজানুর রহমান শিবলু’র বিরুদ্ধে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। বিকেলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে আসার পর ক্ষুব্ধ হয়ে রাতেই তাদের বাড়িঘরে দুই দুইবার হামলা চালানো হয়। এসময় পুরুষরা বাড়িতে না থাকায় মহিলাদের উপর আক্রমণ করে হামলাকারীরা।
সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, হামলার ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সাথে জড়িতদের আটক করার চেষ্টা চলছে। গ্রামের পরিবেশ এখন শান্ত আছে।
এদিকে রবিবার রাতে গৌরারং গ্রামে সংখ্যালঘুদের উপর দুই দফা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার এর দাবি জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
সোমবার দুপুরে এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে নৃপেশ তালুকদার নানু, বিমল বণিক, দেবব্রত দাস, শুভব্রত বসু, স্বপন কুমার দাস, সন্তোষ রায়, পৌর কমিশনার চঞ্চল কুমার লৌহ, বিমান রায়, বিপ্রেশ রায় বাপ্পী, প্রভাত শর্মা, নবেন্দু দাস, সুজিত দে, সুমন সাহা, বিল্লব তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষে দীপক ঘোষ, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অভিজিৎ চৌধুরী, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. রতন রায়, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, চন্দন রায়, অ্যাড. গৌরাঙ্গ দাস,  স্মৃতি রতœ দাস প্রমুখ।  
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,‘সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করে ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রসাশন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’
(প্রেস বিজ্ঞপ্তি)