নির্বাচনী প্রতিযোগিতাকে রাখতে হবে স্বাধীন, বাধাহীন ও মুক্ত

দলীয় মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার বিধান করায় সবচাইতে বিপাকে পড়েছে যে রাজনৈতিক দলটি তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সম্ভবত দলটি ক্ষমতায় সেজন্য এই দলের মনোনয়ন পেতে নির্বাচন প্রত্যাশীদের লম্বা লাইন পড়েছে। প্রার্থীরা অনুমান করছেন আওয়ামী লীগের মনোনয়ন এবং নৌকা প্রতীক পেলে নির্বাচনী বৈতরণী পাড়ি দেওয়া সহজসাধ্য হয়ে যাবে। তাই সর্বত্রই এই দলের মনোনয়ন নিয়ে অন্তর্দ্বন্দ্ব, কোন্দল, গ্র“পিং, বাণিজ্য এরকম নানা রূপের প্রকাশ ঘটতে দেখা যাচ্ছে। জেলার দোয়ারাবাজার, সদর ও দক্ষিণ সুনামগঞ্জে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই তিন উপজেলার ২৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামী নেতৃত্বের দ্বারে এখন প্রচণ্ড ভিড়। সাংগঠনিক রীতিনীতি উপেক্ষা করে একই দল থেকে দুই তালিকা গেছে কেন্দ্রীয় দপ্তরে। অর্থাৎ প্রার্থী মনোনয়নের বিষয়টি দলীয় সাংগঠনিক ফোরামের বাইরে এখন নেতৃত্বের ইচ্ছা-অনিচ্ছার উপর ছেড়ে দেওয়া হলো। রাজনৈতিক পরিচয়ে ইউপি নির্বাচনের কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক কেন্দ্রিকতা চর্চার যে আশাবাদ আমরা ব্যক্ত করেছিলাম ধীরে ধীরে এখন তা চুপসে যেতে শুরু করেছে। বরং সারা দেশে নজিরবিহীনভাবে বহু সংখ্যক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া থেকে দেশের নির্বাচনকেন্দ্রীক গণতান্ত্রিক চর্চার পথটিই রুদ্ধ হতে বসেছে। তৃণমূলের সবচাইতে বিস্তৃত এই স্থানীয় সরকার কাঠামোটি এর মধ্য দিয়ে বিকশিত হওয়ার পরিবর্তে বরং আরও বেশি নতজানু হয়ে পড়ার সম্ভাবনা জাগ্রত হয়েছে। আমরা কি এরকমই স্থানীয় সরকার প্রতিষ্ঠান দেখার ইচ্ছা পোষণ করি?
মনোনয়নকেন্দ্রীক তৎপরতায় ব্যক্তির চরিত্র হনন থেকে শুরু করে অঢেল টাকা খরচের উপসর্গ পর্যন্ত যুক্ত হয়েছে। প্রার্থী-সমর্থকরা এখন দলে দলে ঢাকা অবস্থান করছেন। নিজেদের পক্ষে তদবির করাতে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সংক্রান্ত পুস্তকাদি হাজির করা হচ্ছে। এই যে দিনের পর দিন ঢাকায় অবস্থান করে প্রার্থীরা টাকার শ্রাদ্ধ করছেন এর উদ্দেশ্য কী? জনগণের সেবা করা? যিনি সেবা করবেন তিনি কেন অজস্র অর্থ খরচ ও নানা কলা-কৌশল প্রয়োগ করে এই জায়গায় আসতে চাইছেন সেই প্রশ্ন আজ নির্বাচকমণ্ডলীর ভিতর থেকে উঠে আসা উচিৎ। নতুবা রাজনীতি যেভাবে ক্রমশ বাণিজ্যায়ন ও দৃর্বৃত্তায়নের আখড়ায় পরিণত হয়েছে তাতে অদূর ভবিষ্যতে রাজনীতি শব্দটি বাংলা অভিধানে খারাপ প্রপঞ্চ হিসাবে অর্থায়িত করা হবে।
অন্যদিকে নির্বাচনের অন্য একটি প্রধান চরিত্র বিএনপির অবস্থান বড় বেশি করুণ ও দুর্বল। তাদের অভ্যন্তরীণ প্রতিযোগিতা দূরে থাকুক তৃণমূলে তারা দাঁড়াতেই যেন ভয় পাচ্ছে। অতীতে কোন বিরোধী দলের এমন করুণ অবস্থা প্রত্যক্ষ করা যায়নি। বিরোধী দলটি তাদের এই সংকটের পিছনে সরকারি দলের দমন পীড়ণের যতই অভিযোগ তুলুন না কেন, আমরা জানি যুগে যুগে জনগণের পক্ষে অবস্থানকারী রাজনৈতিক দলগুলো বহু কষ্ট ও নীপিড়ন সহ্য করেই বিজয় অর্জন করেছে। রাজনীতিতে সহজ পথে কোন কিছু অর্জন করার উপায় নেই। ত্যাগ, আদর্শনিষ্ঠা আর ধর্যের মাধ্যমেই জনগণের অধিকার আদায় করতে হয়। আজকের বিরোধী দলের চেহারা দেখে মনে হয় তারা যেন সরকারি দলের অনুগ্রহের উপর নির্ভরশীল। বিরোধী দলের এমন দুর্বল অবস্থান প্রতিপক্ষকে আরও দুর্বীনিত করে তুলতে সাহায্য করছে।
সর্বাবস্থায় যেকোন নির্বাচনে নির্বাচকমণ্ডলীকে অবাধে প্রার্থী বাছাই করার সুযোগ তৈরি করে দিতে হবে। এজন্য নির্বাচনী প্রতিযোগিতাকে রাখতে হবে স্বাধীন, বাধাহীন ও মুক্ত। অনেক প্রার্থী জনগণের কাছে আসবেন জনগণ তাদের যোগ্যতা দেখে ভোট দিবেন। এর পরিবর্তে যখন প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি সংকুচিত করে ফেলা হয় তখন আসলে নির্বাচকমণ্ডলী তথা সাধারণ মানুষের অধিকারই হরণ করা হয় মাত্র।