স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নির্বাচনী মামলায় জামিন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক ফরিদ আহমদ তারেক। নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর ও ব্যালট বাক্স ছিনতাই ঘটনার মামলার প্রধান আসামী ফরিদ আহমদ তারেকসহ ৭জন জামিন পেয়েছেন।
সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দোয়ারাবাজার-ছাতক জোন থেকে জামিন পান তারা। দোয়ারাবাজার-ছাতক জোনের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ, গত ২৩ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে মারধর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ এনে ওই দিন থানায় মামলা দায়ের করা হয়েছিল। ওই ভোট কেন্দ্রের প্রিজাডিং অফিসার মাও. সাদিকুর রহমান বাদি হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছিলেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক ফরিদ আহমেদ তারেককে প্রধান আসামী করা হয়েছিল। পরে পুলিশ অভিযুক্ত ৬ জনসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে ওই মামলার চার্জসিট (অভিযোগপত্র) দাখিল করে। সোমবার ১০ জন অভিযুক্তের মধ্যে ফরিদ আহমেদ তারকেসহ ৭জন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত ৭জনকেই জামিন দেন।
ফরিদ আহমেদ তারেকের আইনজীবী আপ্তাব উদ্দিন বলেন,‘ফরিদ আহমেদ তারেকসহ ৭জন সোমবার দোয়ারাবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত উপস্থিত সবাইকে জামিন দিয়েছেন।’


