নির্বাচনী সহিংসতা মেম্বার পদে পাশ করলেন বাবা সংঘর্ষে ছেলের মৃত্যু, আহত ১০

ধর্মপাশা  প্রতিনিধি
ধর্মপাশায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কোহিনুর চৌধুরী (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আরো ১০ জন আহত হন। কোহিনুর চৌধুরী ওই গ্রামের শামসুল হক চৌধুরীর ছেলে।
জানা যায়, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ   সদস্য প্রার্থী হিসেবে কোহিনুর চৌধুরীর বাবা শামসুল হক চৌধুরী মোরগ প্রতীকে ও তৌফিক মিয়া ফুটবল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টায় ভোট কেন্দ্র থেকে শামসুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী তৌফিক মিয়ার সমর্থনকারী ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে শামসুল হক চৌধুরীর বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে কোহিনুর চৌধুরীসহ আরো ১০ জন নারী-পুরুষ গুরুতর আহত হন। আহতদেরকে সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার কোহিনুর চৌধুরীকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।