ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী পৃথক তিনটি সংঘর্ষের ঘটনায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ১২জনকে ভর্ত্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সকালে উপজেলার ছাতক সদর ইউনিয়নের বাহ্মনগাঁও এবং মানসীনগর গ্রামে ও কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নব নির্বাচিত বিজয়ী মেম্বার কাজী নজরুল ইমলামের সমর্থকদের সাথে পরাজিত মেম্বার প্রার্থী আশরাফুল আলমের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষে লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ২৫জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। আহত আজিদ মিয়া ,ওয়াকুল, দিলোয়ারা, ফয়জুলসহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলামের মধ্যস্থতায় স্থানীয় ভাবে নিস্পত্তির চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে সকাল ১১টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে বর্তমান মেম্বার শফিকুল ইসলামের সাথে একই এলাকার মেম্বার পরাজিত প্রার্থী নুরুল হক পক্ষের লোককজনের মধ্যে ভোট গননার হিসেব-নিকেশ নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে অন্যান্য সমর্থকরাও এসে যোগ দেয় তর্ক-বিতর্কে। এরই জের ধরে দু’পক্ষ লাটি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা গ্রামে । প্রায় ঘন্টা ব্যাপী সংর্ঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ব্যাক্তি আহত হয়। গুরুতর আহত তেরাব আলী, নুরুল হক, মঈন উদ্দিন, আজমুল আলী, সমর আলী, সাদিকুল ইসলাম, মাহিন উদ্দিন, আমির আলী, গৌছ উদ্দিনসহ ১১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের চিকিৎসা দেয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
সংঘর্ষের খবর পেয়ে কালারুকা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান অদুদ আলম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের মধ্যস্থতায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন। বিষয়টি আপোষ নিস্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে।
অপর দিকে ছাতক সদর ইনিয়নের ৬নং ওয়ার্ডের বিজয়ী সাধারন সদস্য মানসীনগর গ্রামের আব্দুস সালামের সমর্থনে শিশু-কিশোররা সকালে মিছিল করলে নির্বাচনে পরাজিত প্রার্থী তীররাই গ্রামের আসাদুজ্জামান আসাদের লোকজন মিছিলে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এসময় স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিকেলে আব্দুস সালামের সমর্থক মানসীনগরের জিয়াউল হক ছাতক শহরে যাওয়ার পথে বাজনামহল এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। হামলায় আহত জিয়াউলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। হামলাকারীরা তার কাছে থাকা একটি পাসপোর্ট ও নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
- ভূমি সেবা সপ্তাহ র্যালি ও আলোচনা সভা
- ছাতকে ভোটের রাজনীতিতে পিছিয়ে গেলেন এমপি মানিক ও উপজেলা চেয়ারম্যান বকুল


