নিষেধাজ্ঞা উপেক্ষা করে আঞ্চলিক মহাসড়কে চলছে ইজিবাইক

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
ঈদের আর মাত্র কদিন বাকী। আর ঈদকে সামনে রেখে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন (বিআরটিএ)’র নিষেধাজ্ঞা অমান্য করে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলছে ইঞ্জিন ও ব্যাটারি চালিত ইজি বাইক ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল। প্রতিটি ক্ষেত্রেই পরিবহন শ্রমিক থেকে শুরু  করে সংশ্লিষ্ট সকলেই অমান্য করছেন বিআরটিএ’র নিষেধাজ্ঞা। রাস্তায় বেরুলেই ফিটনেসবিহীন গাড়ির মহা কারখানা। মান্দাতার আমলের বাস, লেগুনা দিয়ে চলছে পরিবহন ব্যবসা।
ট্রাফিক আইন আর বিআরটিএ’র নিষেধাজ্ঞা  অবজ্ঞা করে  যত্রতত্র করা হচ্ছে গাড়ি পার্কিং। যাত্রীদের দুর্ভোগ তাদের কোন মাথা ব্যথা নেই। ঈদকে কেন্দ্র করে পরিবহন ক্ষেত্রে এমন নৈরাজ্য নাভিশ্বাস ঘরমুখো মানুষের।
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে বাস, ট্রাক, মাইক্রো লাইটেস ও কার প্রভৃতি যানবাহনের কোন বাধ্যবাধকতা না থাকলেও সিএনজি, অটো টেম্পু, লেগুনাদের জন্য বিআরটিএ’র আছে নির্দিষ্ট দুরত্ব সীমানা। তাও মানছেন না পরিবহন শ্রমিকেরা। ইজি বাইকের চলাচলের আধিক্য, ফিটনেসবিহীন বাস লেগুনার চলাচলের জন্য এ আঞ্চলিক মহা সড়কে ক্রমশ মরন ফাঁদে পরিণত হচ্ছে। হচ্ছে চলাচলে অনুপযোগী। শত বাধা আর আইন প্রয়োগেও জনসচেতনতা মুলক বিজ্ঞপ্তি প্রচার করে ও দুর্ভোগ দূর করা যাচ্ছে না। বিশিষ্ট জনেরা বলেছেন, এ সমস্যা সমাধানের জন্য অবশ্যই আগে শ্রমিক ও পরে সাধারন মানুষকে সচেতন হতে হবে।
এ ব্যপারে বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. শাকিল মুরাদ আফজল বলেন,‘ রাস্তায় যদি এ রকম ফিটনেসবিহীন গাড়ি চলে তাহলে সড়ক দুর্ঘটনা বাড়বে ছাড়া কমবে না। ইজিবাইক আঞ্চলিক মহা সড়কে চলাটা কোনভাবেই যৌক্তিক এবং নিরাপদ নয়। ড্রাইভার ও পরিবহন সেক্টরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এব্যপারে সচেতন হতে হবে।’
সুনামগঞ্জ সদর উপজেলার বিএনপির সাবেক সভাপত্বি সৈয়দ আহমদ বলেন,‘হাইওয়েতে ইজি বাইক চলাচলটা আসলেই অনাকাঙ্খিত এবং সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি আর অতিরিক্ত যাত্রী তোলা  ও ভোগান্তি চরমে। ঈদকে কেন্দ্র করে আরো বেশি চলছে এমন ঝুঁকিপূর্ণ কর্মকান্ড।’
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন,‘আঞ্চলিক এ মহা সড়কে বড় বাসের তুলনায় ছোট যান চলাচলের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফিটনেসবিহীন গাড়ির ব্যপারে জানতে চাইলে বলেন, আমাদের আন্ডারে কোন ফিটনেসবিহীন কোন গাড়ি আছে বলে আমার জানা নেই। ইজি বাইক আমাদের আওতাভুক্ত নয়।
ফিটনেসবিহীন গাড়ি ও ইজি বাইক চলাচলের ব্যপারে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন,‘বিষয়টি আমাদের নজরেও আছে, তাছাড়া উপর মহলের ও নির্দেশনা রয়েছে এ ব্যপারে আমাদের ফোর্স তুলনা মুলক কম। তবে খুব শিঘ্রই আমরা অভিযান চালাব।’