স্টাফ রিপোর্টার
সীমান্তের টেকেরঘাটের নীলাদ্রি লেকে (সিরাজ লেক- টাঙ্গুয়ার হাওর পাড়ে) সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটককে খুঁজে পাননি ডুবুরিরা। শনিবার দুপুর ২ টায় নিখোঁজ হন এই পর্যটক। শনিবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ডুবুরিদের উদ্যোগে উদ্ধার কাজ চালানো হয়। রোববার সকাল সোয়া ১১ টায় সিলেট থেকে আসা একজন ডুবুরি উদ্ধার কাজ চালালেও বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত নিখোঁজ ঐ পর্যটকের খোঁজ পাওয়া যায়নি।
বিকাল সাড়ে ৫ টায় ডুবুরি কবির হোসেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন,‘এতো বড় লেকে উদ্ধার তৎপরতা চালাতে আরো ডুবুরি প্রয়োজন, লেকে ৭০-৮০ ফুট গভীরতায় পানি
রয়েছে, আমি সাধ্যমত চেষ্টা করেছি, আমার একার পক্ষে আর খোঁজা সম্ভব নয়।’
গত শুক্রবার ঢাকার ৫ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে আসেন। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ শেষে শুক্রবার রাতে টেকেরঘাট ট্রলারঘাটে ট্রলারে রাত্রিযাপন করেন তারা। সকালে টেকেরঘাট নীলাদ্রী লেকে সাঁতার কাটার সময় এই ৫ পর্যটকের একজন ওয়াহিদ খলিল (২৮) (দুপুর ২ টায়) নিখোঁজ হন।


