নোটারি পাবলিকের বাল্যবিয়ে পন্ড- ২ জন আইনজীবীকে সতর্ক

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোহনপুর ইউপির পৈন্দা গ্রামে নোটারি পাবলিকের মাধ্যমে হওয়া বাল্য বিয়ে প- করা হয়েছে। অবৈধভাবে বাল্যবিয়ের ঘোষণা এফিডেবিট করার জন্য দুই আইনজীবীকেও সতর্ক করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নির্বাহী অফিসার খবর পান জয়নগর স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে সালমান ইসলামের (২৬) বিয়ে সম্পন্ন হয়েছে নোটারি পাবলিকের মাধ্যমে । এই খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম ইসরাত জাহান।
অভিযান পরিচালনার প্রথম দিন ঘটনাস্থল পরিদর্শন করে বিয়ের কোন আলামত না পেয়ে উভয় পক্ষের অভিভাবককে জিজ্ঞেস করলে তারা বিষয়টি অস্বীকার করেন । এ সময় স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদরা উপস্থিত ছিলেন। কিন্ত বিয়ে পড়ানোর সংবাদটি ভ্রাম্যমাণ আদালত নিজেদের সন্দেহের মধ্যে রাখেন।  পরদিন বুধবার অধিকতর তদন্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
তদন্তে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের প্রমাণ পাওয়ায় বর সালমান ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাল্য বিয়ের শিকার কনের মাতা হুসনে আরা বেগমকে নগদ এক হাজার টাকা অর্থদ- করা হয়। পরে আদালত মেয়েকে তার মায়ের জিম্মায় তুলে দেন। এছাড়াও নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করায় অ্যাড. কাউছার আলম ও অ্যাড.নাজমুল ইসলাম নাজমুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, অনিয়মের মাধ্যমে বাল্য বিয়ে সম্পাদন করা ও এ কাজে সহযোগিতা করায় ২ আইনজীবীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।