সু.খবর ডেস্ক
পঞ্চম শ্রেণি থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) তুলে দেওয়ার প্রস্তাব আজ সোমবার মন্ত্রিসভায় উঠছে। এতে ২০০৯ সাল থেকে চালু হওয়া এ পরীক্ষা পঞ্চম শ্রেণি থেকে উঠিয়ে অষ্টম শ্রেণি শেষে চালু করার প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৮ মে প্রাথমিক শিক্ষা অষ্টম
শ্রেণি পর্যন্ত উন্নীতকরণের ঘোষণা দেয় সরকার। এরপরই এ পরীক্ষা বাতিলের দাবি ওঠে অভিভাবক মহল থেকে। তবে পিইসি বাতিল হলেও পরীক্ষার বোঝা থেকে এখনই মুক্তি পাচ্ছে না পঞ্চম শ্রেণি পড়ূয়া কোমলমতি শিশুরা। তাদের জন্য এবার নতুন করে চালু হচ্ছে ‘উপজেলা ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা’। এ জন্য একই সঙ্গে আরেকটি প্রস্তাব তৈরি করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। এটিও আজ মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য পেশ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ বলেন, সমাপনী পরীক্ষা বাতিল করা হলেও সরকার এই শিশুদের জন্য বরাদ্দ থাকা প্রাথমিক বৃত্তির টাকা দিয়ে যেতে চায়। এই বৃত্তি দিতে গেলে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দরকার। তাই জাতীয়ভাবে আয়োজিত সমাপনী পরীক্ষা বাতিল করে স্থানীয়ভাবে উপজেলাভিত্তিক একটি মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে তাদের বৃত্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
জানা যায়, গত বছর প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তের সংখ্যা ছিল ৫৫ হাজার। চলতি বছর থেকে সে সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার ৫০০। মূল্যয়ন পরীক্ষার মাধ্যমেও বৃত্তির এই সংখ্যা ঠিক রাখা হবে। সে ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ড থেকে তিনজন ছাত্র ও তিনজন ছাত্রীকে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। আর ট্যালেন্টপুলের বৃত্তি নির্ধারিত হবে উপজেলার পরীক্ষার্থীর সংখ্যার হিসাবে। এই ক্যাটাগরিতে বৃত্তির সংখ্যা ৩৩ হাজার। তবে যে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে, তাকে আর সাধারণ বৃত্তির হিসাবে আনা হবে না।


