পণ্যমূল্যে কারসাজি হলে কঠোর ব্যবস্থা

সু.খবর ডেস্ক
চিনি ছাড়া অন্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, রমজানে বাজারে কোনো অবস্থাতেই চিনির মূল্যবৃদ্ধি করা উচিত নয়। পণ্যমূল্যে কারসাজি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পর্যালোচনা সভায় মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, যদি পণ্যের দাম বেড়ে থাকে তাহলে এর জন্য দায়ী ক্রেতারাই। কারণ ক্রেতারা বাজারে গিয়ে দরদাম করেন না। এ কারণেই বিক্রেতারা সুযোগ বুঝে পণ্যের দাম বাড়িয়ে দেন।
এ সময় পণ্যের দাম কেন বাড়ছে? বিষয়টি তদারকির জন্য ক্রেডিট কমিশনকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করার কথা জানান মন্ত্রী তোফায়েল আহমদ।