সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মন্ত্রীর বাসভবনে ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুন নূর’র নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় শ্রমিক নেতৃবৃন্দ সিলেটের পাথর কোয়ারী সমূহ খুলে দিয়ে কর্মহীন মানুষের জীবন রক্ষায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। নেতৃবৃন্দ সিলেটের পাথর কোয়ারী সমূহ বন্ধ থাকায় শ্রমিকদের দুর্ভোগের কথা মন্ত্রীকে অবহিত করেন।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এসময় শ্রমিক নেতৃবৃন্দকে জনস্বার্থে যে কোন ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি এ ব্যাপারে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াদুদ আলম চেয়ারম্যান, সেক্রেটারি শামসু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, পাথর ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, ব্যবসায়ী নেতা আঙ্গুর মিয়া প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


