স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে
বক্তারা বলেছেন, দেশে গরিব, শ্রমিক ও খেটে-খাওয়া মানুষের রাজনীতি নেই। এই করোনাতে চার কোটি লোক গরিব হয়েছে। অন্যদিকে এক শ্রেণি আছে লুটপাট ও দুর্নীতিতে ব্যস্ত। এ অবস্থার পরিবর্তনে গণজাগরণ প্রয়োজন। কমিউনিস্ট পার্টি সে লক্ষ্যে কাজ করছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই উদ্বোধনী সমাবেশ হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী এনাম আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আহসান হাবিব লাভলু। এ ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ নারীনেত্রী শীলা রায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাস খোকন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি। পরে শহরে একটি মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য আহসান হাবিব বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত এখন আর রাজনৈতিক সংগঠন নয়। এখন তারা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা ব্যবসা, লুটপাটে ব্যস্ত। হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। গরিব আরও গরিব হচ্ছে। একটি বৈষম্যহীন সমতার সমাজ প্রতিষ্ঠায় কমিউনিস্ট পার্টির কোনো বিকল্প নেই।


