পরিবহন নেতার মামলা প্রত্যাহারে আল্টিমেটাম

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি হাজী নিজামুল করিম’র ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুরের পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আলফু মিয়া, ট্রাক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক সমিতির সভাপতি ফয়জুর নূর, সহসভাপতি আলী রাজ, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি তোরণ মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, যুগ্ম সম্পাদক আজিজ মিয়া, হেলি প্যাড সিএনজি শাখার সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামি ৬ নভেম্বের থেকে জগন্নাথপুরে অর্নিদিষ্টকালের জন্য কোনধরনের যানবাহন চলাচল করবে না বলে আল্টিমেটাম প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের সহ-সভাপতি, জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া জানান, উদেশ্য ও ষড়যন্ত্রমূলকভাবে নিজামুল করিমকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে ৬ নভেম্বর থেকে জগন্নাথপুরে অর্নিদিষ্টকালের জন্য সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী নিজামুল করিম জানান, জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে গত সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবুও আমাকে উদেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোন কিছু বলা যাবে না।