স্টাফ রিপোর্টার
পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ নিশ্চিত করে সুস্থ সুন্দর পরিবার বন্ধন’ বিষয়ে অ্যাডভোকেসি সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা বেগম, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম, ডা. জসীম উদ্দিন, ডা. সাইফুল ইসলাম, এফপিএবি’র সহকারী জেলা কর্মকর্তা মহিনুর সিদ্দিকা ও সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার পান্না দে প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আগেকার দিনে দায়িত্বে মনোযোগি হয়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা দিতেন। স্বাস্থ্যসেবায় মনোযোগি হয়ে কাজ করতে হবে সকলকে। অপরিকল্পিত পরিবার গড়ে তুললে নিজেদের ক্ষতি হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা বাড়াতে হবে। স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধিতে সকলে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।’


