জগন্নাথপুর অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আর জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ দেশের মর্যাদা পেয়েছি। তিনি বলেন, আমাদেরকে ব্রিটিশ ও পাকিস্তানের গোলামি করতে হয়েছে। জাতির জনকের নেতৃত্বে গোলামি থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্র উপহার পাই। আর তাঁর কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা পাকিস্তান চেয়েছিল, তারা বাংলাদেশ কে চায় না। বাংলাদেশের অগ্রগতি দেখে হিংসায় জ্বলে।
বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় পরিচালনায় কমিটি কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের স্বার্থে সব কিছু বিবেচনা করে আমলনামা দেখে ভোট দিবেন। আওয়ামী লীগ জনগণের বন্ধু, জনগণের দল। আর বিএনপির আমলে সারাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল।
লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) টিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট—২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।


