জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের জলাবদ্ধতা নিরসনে কৃষকরা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। বৃহস্পতিবার সকাল থেকে ফেনারবাঁক ইউনিয়নের বিনাজুড়া, লালপুর, রসুলপুর, লক্ষ্মীপুর, শান্তিপুর, ছয়হারা, ভাটি দৌলতপুর, উজান দৌলতপুর গ্রামের কয়েক শতাধিক কৃষক দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে কাজ করেন।
পাগনার হাওরের স্লুইসগেইটগুলোতে পলি মাটি ভরাট হয়ে নদীতে পানি চলাচল কমে যাওয়ায় সঠিক সময়ে পানি নিষ্কাসন না হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা ও গত কদিনের বৃষ্টিতে হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা উৎকন্ঠায় রয়েছেন। এরই ধারাবহিকতায় গ্রামের কৃষকরা বোরো মৌসুমের ফসল ফলাতে নিজ উদ্যোগে পাগনার হাওরের পশ্চিম দক্ষিণ পাড়ের ডালিয়া স্লইস গেইট সংলগ্ন ক্লোজারের নিকট, শমিপুরের সামনের খাড়া, ফুলিয়া টানা সহ কয়েকটি অংশে পানি নিষ্কাশনের রাস্তা করার কাজ শুরু করেছেন।
শান্তিপুরের কৃষক আবিদ নূর বলেন, ‘হাওরের জলাবদ্ধতা থাকার কারণে আমরা নিজেরাই পানি নিষ্কাসনের কাজে নেমেছি।’
ফেনারবাঁকের ইউপি সদস্য অজিত সরকার বলেন, ‘আমার ওয়ার্ড সহ আশপাশের আরো কয়েক গ্রামের শতাধিক কৃষক স্বেচ্ছাশ্রমে দিনব্যাপী কাজ করেছেন।
ফেনারবাঁকের ইউনিয়ন চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার বলেন, ‘হাওরের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। গেল কিছুদিন আগেও হাওরবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করেছে, আজকেও আমার এলাকার কয়েকশত কৃষক পাগনার হাওরের বিভিন্ন বাঁধে গিয়ে পানি নিষ্কাসনে কাজ করেছেন।’


