পাগলাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার নামক স্থানে পণ্যবাহী ট্রাক উল্টে নূর মিয়া ওরফে নূরী (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত নূর মিয়া উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের মৃত কলমধর আলীর ছেলে। তিনি পাগলাবাজারের কাঠাল হাটে নৈশ প্রহরীর কাজ করতেন। শুক্রবার দুপুরে পাগলা
বাজারের কাঠাল হাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী ধান বোঝাই একটি ট্রাক (সিলেট- ড ১১-১৩১৩) পাগলাবাজার সেতু পাড় হয়ে একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে লাইনচ্যুত হয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকটি উল্টো গিয়ে নূর মিয়ার উপর পড়লে ঘটনাস্থলেই নূর মিয়া মারা যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ট্রাকের নিচ থেকে নিহত নূর মিয়ার লাশ উদ্ধার করে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও নিহত নূর মিয়ার শোকাহত পরিবারকে শান্তনা দেন জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পরে লাশ ও ট্রাকটি জয়কলস পুলিশ ফাঁড়ির হাতে হস্তান্তর করা হয়েছে। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।’


