আকবর হোসেন, জামালগঞ্জ
উপজেলা চেয়ারম্যান হাওরের পানি নিষ্কাশনে ব্যবহৃত সেচযন্ত্র ও বাঁধ রক্ষার সামগ্রীর বিলে স্বাক্ষর না করায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। সম্প্রতি উপজেলা চেয়ারম্যানের হাওর বিরোধী মনোভাব নিয়ে এই দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। হালির হাওরের রাতলার স্লুইস গেইটের ফাঁক দিয়ে প্রবেশ করা পানিতে নিমজ্জিত জমির পানি নিষ্কাশনের কাজে আপত্তি ও কাজের বিরোধিতা করে আসছেন উপজেলা চেয়ারম্যান।
বুধবার স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন রাতলার স্লুইস গেইটে গিয়ে পানির পাম্প মেশিন দেখে সন্তোষ প্রকাশ করেন ও আরো ২ টি মেশিন লাগানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিদের্শ দেন। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের বিল ও হাওরের বিভিন্ন বাঁধে বস্তা,বাঁশ,কাঠ চাটাইর বিলের চেকে স্বাক্ষর না করে উপজেলা চেয়ারম্যান পাম্প মেশিনগুলো বন্ধ করে দেবার জন্য বলেন। ঘটনাটি জানাজানি হলে উপজেলার কৃষদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনার পর থেকে রাতলার স্লুইস গেইটের পাম্প মেশিনগুলো বন্ধ রয়েছে। যার কারণে হালির হাওরের একটি অংশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা পরিষদ থেকে বিল না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাও ইউপি সদস্যদের ডেকে নিজের অপরাগতা প্রকাশ করে মেশিনগুলো বন্ধ করার নির্দেশ দেন। হালির হাওর পাড়ের গ্রামবাসী সহ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার গণমাধ্যমকর্মীদের দাবির মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতলার স্লুইস গেইটে পানি নিস্কাসনের জন্য ৬টি পাম্প মেশিন লাগান। ৪টি মেশিন দিনে টানা ৮ দিন ধরে সেচের পর কৃষকদের অনেক জমিই আবার ভেসে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যানসহ ৩ জন ইউপি সদস্যকে যৌথ দায়িত্ব দিযেছেন তদারকির জন্য।
হালির হাওর পাড়ের মমিনপুরের কৃষক আব্দুল আউয়াল বলেন,‘ মেশিন লাগানোর পর আমাদের ধান কাটতে সুবিধা হয়েছিলো। এখন বন্ধ হলে পানির জন্য আমরা আর জমিতে নামতে পারব না। কামিনীপুরের কৃষক সিরাজ মিয়া বলেন,‘ রাতলার স্লুইস গেইট দিয়ে পানি ডুকে ও বৃষ্টিতে জমি তলিয়ে গেলে মেশিনের দ্বারা পানি শুকানো হয়েছে,আরো যদি কদিন চলে তাহলে আমরার ধান কাটতে কষ্ট হবে না। সদরকান্দি,কালীপুর ও লম্বাবাকের একাধিক কৃষকও পানির পাম্প চালু রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জোরালো দাবী জানিয়েছেন।
সদর ইউপি সদস্য মনির হোসেন ও আলী আক্কাছ মুরাদ জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে পাম্প মেশিন দিয়ে পানি নিস্কাসনের দায়িত্ব দেন। আমরা ৮ দিন দিনে পাম্প দিয়ে পানি নিষ্কাশন করে যাচ্ছি, কিন্তু আমাদের কাজের বিল দিতে উপজেলা চেয়ারম্যান অস্বীকৃৃতি জানিয়েছেন।’
জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন,‘ উপজেলা চেয়ারম্যান ঝুনু মিয়া একদিনও বাঁধে আসেননি। আমরা দিন রাত কষ্ট করে সেচের কাজ করিয়েছি।’
সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন,‘আমি উপজেলা চেয়ারম্যানকে ফোনে বিলে স্বাক্ষর দেয়ার জন্য অনুরোধ করেছি। বলেছি এই বিলে স্বাক্ষর করা না হলে কৃষকদের তোপের মুখে পড়তে হবে তাকে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া বলেন, ‘আমি ইউএনকে বলেছি, হাওরে পাম্প লাগানোয় কৃষকদের কি লাভ হয়েছে তা জানাতে। দিনে পানি সেচে আর রাতে বৃষ্টিতে আবার হাওর ভরে যায়। কত খরচ হয়েছে আমি তদন্ত করে দিতে বলেছি, আমি বিলে স্বাক্ষর দেই নি, তবে দিতে নাও করি নি, বিলে অবশ্যই স্বাক্ষর দিব। ১শত বার স্বাক্ষর দিব।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘রাতলার স্লুইস গেইটের ভিতরে পানি প্রবেশ করায় স্থানীয় কৃষকদের দাবীর পেক্ষিতে সদর ইউনিয়নের মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য ৬টি পাম্প মেশিন লাগিয়ে নিষ্কাশন করায় অধিকাংশ কৃষকেরা ধান কাটতে পারছেন। কিন্তু পানি নিষ্কাশন ও বাঁশ বস্তা চাটাইর বিলে উপজেলা চেয়ারম্যান স্বাক্ষর দিচ্ছেন না। এখন বাধ্য হয়ে পাম্পগুলি বন্ধ রাখতে হচ্ছে।


