স্টাফ রিপোর্টার
দেশের ৮টি জেলা দলের অংশগ্রহণে সিলেটে দ্বিতীয় বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতল নরসিংদী জেলা দল। সুনামগঞ্জ জেলা দলকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠে নরসিংদী জেলা
দল।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনালের মহারণে নিজেদের জেলা দলকে উৎসাহ যোগাতে সুনামগঞ্জ থেকে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সর্বক্ষণই তারা উৎসাহ যোগান দলকে। কিন্তু শিরোপা জয়ের শেষ হাসি হাসল নরসিংদী জেলা দল। টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলা দলের কোচের দায়িত্ব পালন করেছেন সেজুল হোসেন ও রাজরান। ম্যানেজার ছিলেন মো. ইকবাল হোসেন।
একটি বিষয় না বললেই নয় সিলেটের বিভাগীয় কমিশনারের নামে এই ফুটবল টুর্নামেন্টে শুরু থেকেই বিদেশি ফুটবলারদের ছড়াছড়ি ছিল দৃষ্টিকটুরকমভাবে বেশি। প্রত্যেক দলেই ৩ জন থেকে শুরু করে সর্বোচ্চ ৮ জন বিদেশি ফুটবলার খেলেছেন। বিদেশি ফুটবলার খেলানোর কোনো বাধ্যবাধকতা না থাকায় প্রত্যেক দল ইচ্ছেমতো নাইজেরিয়ান তৃতীয় সারির ফুটবলারদের খেলিয়েছে। দেশীয় একটি বিভাগীয় টুর্নামেন্টে এতো বেশি সংখ্যক বিদেশি ফুটবলার খেলানো নিয়ে সমালোচনাও হচ্ছে। এভাবে অবাধে বিদেশি ফুটবলার খেলার সুযোগ পেলে দেশীয় ফুটবলাররা কিভাবে উঠে আসবে, কিভাবে দেশীয় ফুটবলের উন্নতি হবে এমন প্রশ্নও তুলছেন ক্রীড়া বিশ্লেষকরা।
টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল গত ২২ আগস্ট সুনামগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ার ম্যাচ দিয়ে। নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিক সিলেটকে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের সব কয়টি ম্যাচই হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি জেলা দল হচ্ছে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিলা ও ব্রাক্ষ্মণবাড়ীয়া। মৌলভীবাজার, কুমিলা, নারায়ণগঞ্জ ও ব্রাক্ষ্মণবাড়ীয়া জেলা দলকে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। আর হবিগঞ্জ ও স্বাগতিক সিলেট জেলা বিদায় নেয় সেমিফাইনালে সুনামগঞ্জ ও হবিগঞ্জের কাছে হেরে।


