পিপিইসহ সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের আয়োজনে এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার বিভাগের ইএএলজি প্রকল্পের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে পিপিইসহ সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই পিপিই ও সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন হয়।
সুরক্ষা সামগ্রী বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এতে সভাপতির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দিরাই সরমঙ্গল ইউপি’র চেয়ারম্যান এহসান চৌধুরী ও শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, এলজিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাস, লজিক প্রকল্পের নুরুল ইসলাম সরকার ও আসাদুল হক প্রমুখ।
ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ নজরুল ইসলাম জানান, এসডিসি, ড্যানিডা এবং ইউএনডিপি’র সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও তাহিরপুর উপজেলা পরিষদসহ জেলার প্রকল্পভূক্ত ৩০টি ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, উদ্যোক্তা ও কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সুরক্ষা সামগ্রীর মধ্যে ৪৪২৮টি কেএন ৯৫ মাস্ক, ৮৮৫৬টি সার্জিকেল মাস্ক, ৫৩৪৫ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫৩৪৫ জোড়া হ্যান্ড গ্লাভস, ৯২৬টি পিপিই, গামবুট ও গগলস বিতরণ করা হয়েছে।