ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের অন্তর্গত বুকারভাঙ্গা-কাশিপুর ১১ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা নিয়ে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে সংসদ সদস্যের থোক বরাদ্দ থেকে ২০০০ সনে নির্মিত এই সিসি ঢালাই রাস্তাটি এখন একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে মানুষের চলাচলের জন্য একটি দুর্ভোগে পরিণত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের সাথে রাস্তার একটি অংশের যে ছবি পত্রিকায় এসেছে সেই ছবি দেখলে যানবাহনযোগে ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে চাইবেন না। বুকারভাঙ্গা-কাশিপুর সড়কেরই শুধু এই অবস্থা নয়। বরং জেলার সর্বত্র এরকম হতশ্রী ব্যবহার অনুপযোগী এবং মানুষের চলাচলে দুর্ভোগ তৈরিকারী রাস্তার সংখ্যা অনেক। দৈনিক সুনামগঞ্জের খবরে একাধিকবার এইসব রাস্তা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ-আমবাড়ি-দোয়ারাবাজার এবং দোয়ারাবাজার-বাংলাবাজার রাস্তা নিয়ে যাত্রী সাধারণের ক্ষোভের অন্ত নেই। দোয়ারাবাজার-বাংলাবাজার সড়কের সিএনজি চালকরা রাস্তা মেরামতের দাবিতে আন্দোলন পর্যন্ত করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বছরের পর বছর ধরে এইসব রাস্তা সংস্কার ও মেরামতহীন পড়ে থেকে থেকে কেবল মানুষের যন্ত্রণা আর কষ্টভোগের পরীক্ষাই নিচ্ছে। তৈরি করা সড়কগুলো সংস্কার ও মেরামত করার যদি কোন সংগতিই না থাকে তাহলে কী প্রয়োজন এমন রাস্তা নির্মাণের, এমন প্রশ্ন আজ সাধারণ মানুষের। জানা যায়, এলজিইডি কিংবা সওজ পুরাতন রাস্তা সংস্কার ও মেরামতের জন্য পর্যাপ্ত বরাদ্দ পান না। তাই পুরাতন রাস্তা মেরামতের বিষয়ে উদ্যোগ নেয়া যায় না। এটি কোন সুশাসনের পরিচায়ক নয়। রাস্তা বানালে এটি ক্রমান্বয়ে নষ্ট হবে, তখন মেরামত করতে হবে, এটি অতি সরলিকৃত একটি বিষয়। আমাদের পরিকল্পনাবিদরা যদি এই সামান্য জিনিষটি বুঝতে অক্ষম হন তাহলে আমরা সেই লজ্জা রাখব কোথায়?
নতুন রাস্তা নির্মাণে যে প্রাক্কলন করা হয়, সাধারণ মানুষের মন্তব্য হলো-এই প্রাক্কলনে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয় বাস্তবতার দ্বিগুনের বেশি। মানুষ মনে করেন, এই কাজটি কেউ ব্যক্তিগতভাবে করলে প্রাক্কলিত ব্যয়ের চাইতে অর্ধেক খরচে এর চাইতে মানসম্মত নির্মাণ কাজ করা সম্ভব। এটি শুধু রাস্তা নির্মাণের ক্ষেত্রে নয়, বরং সরকারি সকল নির্মাণ কাজের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রাক্কলিত ব্যয় বেশি দেখিয়ে একদিকে যেমন উন্নয়ন কাজের পরিমাণ কমিয়ে ফেলা হচ্ছে তেমনি অন্যদিকে এর মধ্য দিয়ে ঠিকাদার-প্রকৌশলীসহ ছোট একটি গোষ্ঠীর পকেট ভারি করা হচ্ছে। তদুপরি অধিক ব্যয়ে নির্মিত কাজের মানও প্রায়শই মন্দ মানের হয়ে থাকে বলে মানুষের ধারণা। আমাদের উন্নয়ন ভাবনায় এটি একটি বড় অন্তরায়। এতসব ভারি বিষয়ের অবতারণা যদিও আমাদের জন্য আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর রাখার মতোই ধৃষ্টতা। তবে ভূক্তভোগী হিসাবে আমরা শুধু এইটুকু বলতে পারি প্রতিদিন ভাঙাচুড়া রাস্তায় চলাচল করতে যেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের বহু মূল্যবান সময় নষ্ট হচ্ছে। দয়া করে এই বিড়ম্বনা থেকে আমাদের রেহাই দিন। প্রতিশ্রুতির ফুলঝুরিতে মানুষের কষ্ট কমে না। কষ্ট কমে কাজে। দয়া করে দায়িত্বশীলরা প্রতিশ্রুতির বদলে কাজে মনোযোগী হোন। নতুন রাস্তা নির্মাণের চাইতেও বেশি দরকার পুরাতন রাস্তাগুলোর মেরামত ও সংস্কার। সরকার মানুষের জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার পূরণের অন্যতম উপাদান হচ্ছে যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিতকরণ। এই প্রসঙ্গে আবারও আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সড়কের উপর চাপ কমাতে রেললাইন সম্প্রসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করুন।

