পুুলিশের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা

স্টাফ রিপোর্টার
পুলিশের পরিচয়ে ভয় দেখিয়ে ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলার একটি ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮ টায় শহরের হাসননগরে তাহিরপুরের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী আব্দুস সামাদের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতারকরা পুলিশের একজন মহিলা সাব ইন্সপেক্টরকেও কৌশলে ব্যবহার করেছে। তবে তাৎক্ষণিক বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসায় প্রতারকদের হাত থেকে রক্ষা পুলিশ ও ব্যবসায়ী রক্ষা পেয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার এসআই লিন্ডা গ্রেন্ড বলেন, ‘‘ডিউটি অফিসার (এএসআই আসমা) ফোন দিয়ে বললো- এসএমপি’র আলফা টু স্যার তোমাকে (০১৭১৫৮০০৩৪৬ নম্বরে) ফোন দিতে বলেছেন। আমি তার কথা মতো ফোন দেই। ওপাশ থেকে বলে, ‘আমি এসএমপি’র এডিশনাল এসপি, তুমি হাসননগরে ডিউটি করছো, ওখানে ফরিদ, ফরহাদ নামের কয়লা ব্যবসায়ীর বাড়ীতে যাও। ৬ টা থেকে ৮ পর্যন্ত হাসননগরে ঘুরতে ঘুরতে আমি ওদের বাড়ী পাইনি। এক পর্যায়ে সামাদ হাজী এবং আব্দুল কদ্দুছ নামের একজন কয়লা ব্যবসায়ীর বাড়ী খুঁজে পাই। ফোনে বললাম স্যার আমি ফরিদ ও ফরহাদের   বাড়ী পাইনি, তবে কয়লা ব্যবসায়ী আব্দুল কদ্দুছ ও সামাদ হাজী’র বাড়ী পেয়েছি। তখন ওপ্রান্ত থেকে আমাকে বলা হল, ওদেরকে কথা বলিয়ে দাও’’।
লিন্ডা গ্রেন্ড’র ফোনে কথা বলে ঐ প্রতারক চক্র কয়লা ব্যবসায়ী আব্দুল কদ্দুছ’এর মোবাইল নম্বর নেয়। কিছুক্ষণ পরে আব্দুল কুদ্দুছ (আব্দুস সামাদের ছোট ভাই) ফোন দিয়ে বলে,‘তোর মামলা আমার কাছে আছে, কী করতে হবে, একটু পরে বলছি’।
একটু পরে আব্দুল কদ্দুছ’র ফোনে আবারও কল দিয়ে বলে, আমি কিছুক্ষণের মধ্যে তোদের বাড়ীতে পুলিশ পাঠাচ্ছি, অনেক সাহস হয়ে গেছে তোর। এসময় স্পীকার ওপেন করে অন্য মুঠোফোনে ওপাশ থেকে দেওয়া হুমকি সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদকে শুনাচ্ছিলেন আব্দুল কদ্দুছ। আধাঘণ্টার মধ্যেই পুলিশ সুপার হারুন অর রশিদ মোবাইল ট্র্যাকিং করে জানতে পারেন ঐ প্রতারক টাঙ্গাইলের নাগরপুরে অবস্থান করছে।
প্রতারণার শিকার কয়লা ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, ‘পুলিশকে বাড়িতে দেখে আমরা হতবাক হয়েছিলাম কারণ আমাদের নামে কোন মামলা নেই। আমি একজন ব্যবসায়ী। পরে যখন মুঠোফোনে পুলিশের নাম করে আবারও হুমকি দেওয়া হয় তখন ঘাবড়ে গিয়েছিলাম। এসপি সাহেব ও ওসি সাহেব তাৎক্ষণিক আমাদেরকে আশ্বস্ত করায় আমরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরেছি।’
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘এই প্রতারকচক্রের সদস্য সুনামগঞ্জেও থাকতে পারে। সুনামগঞ্জের সকল থানায় আমরা ম্যাসেজ পাঠিয়েছি, এই ধরনের কোন প্রতারক ফোন দিলে সঙ্গে সঙ্গে তারা যেন মুঠোফোন নম্বর যাচাই করে কার্যক্রম শুরু করেন’। পুলিশ সুপার বলেন, ‘কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিতে পারেন। আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি’।