বিন্দু তালুকদার
শনিবার সকাল থেকে দুপুর ২ টা ২২ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না শহরে। কোন পূর্ব ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন আবাসিক এলাকার প্রায় ৬ হাজার গ্রাহক।
বিদ্যুতের অভাবে শহরের প্রধান বিপণী বিতানগুলোতে ছিল অন্ধকার। ছাপাখানা ও কম্পিউটারসহ প্রিন্টের দোকানগুলো ছিল অচল। এছাড়া বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল কাজই ছিল বন্ধ। গ্রাহকদের না জানিয়ে এভাবে দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর বিদ্যুৎ গ্রাহকরা। শুধু শনিবারই নয়, প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ রয়েছে গ্রাহকদের।
শনিবার বিদ্যুৎ ভোগান্তির শিকার হয়েছেন, বি ফিডারের আওতাধীন সুনামগঞ্জ শহরের উকিলপাড়া, ঘোলঘর, নবীনগর, ধোপাখালী হয়ে মাইজবাড়ি পর্যন্ত পুরো এলাকা। একই সাথে মাইজবাড়ি থেকে দোয়ারাবাজার উপজেলার মান্নানগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার পর্যন্ত। সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতায় প্রায় ১৬ হাজার গ্রাহকের মধ্যে প্রায় ৬ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
তবে বিদ্যুৎ বিতরণ ও রক্ষণাবেক্ষণ বিভাগ কর্তৃপক্ষের দাবি বিদ্যুতের মূল তার গাছপালা থেকে মুক্ত রাখা ও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য শনিবার ওই সময়টুকু সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ওই সময় বিদ্যুতের মেইন তারের আশপাশের সকল গাছের ডালপালা কেটে ছাটাই করা হয়েছে।
আমবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুল কাইয়ুম বলেন,‘ এখন শীতকাল চলছে। বাসা-বাড়ির ফ্যান ও এসি চলে না। তবুও প্রতিদিনই কোন না কোন সময় বিদ্যুতের লোডসেডিং হচ্ছে। কি কারণে বিদ্যুতের লোডসেডিং হয় বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয় তা আমাদের জানানো হয় না।’
শহরের ষোলঘরের বাসিন্দা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম সেফু বলেন,‘ বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য যদি বিদ্যুৎ লাইনে কোন কাজ করতে হলে বিষয়টি গ্রাহকদের আগেই অবগত করতে হবে। তাহলে গ্রাহকরা বিশেষ প্রয়োজনীয় কাজগুলো পূর্বে থেকে করে নেয়ার সুযোগ পাবেন।
সুনামগঞ্জ আবাসিক বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম বলেন,‘ আগামীতে ঝড়-বৃষ্টি বেশী হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে মেইন লাইনের আশপাশের গাছের ডালপালা কাটা হয়েছে। তাই শহর ও আমবাড়ি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।’
তিনি আরো বলেন,‘ আমাদের উচিত ছিল বিষয়টি গ্রাহকদের জানিয়ে দেয়া। আমাদের ধারনা ছিল ঘণ্টা-দুয়েক কাজ করলেই শেষ হয়ে যাবে। কিন্তু সেটি সম্ভব হয়নি। আরো বেশী সময় লেগেছে। শনিবার অফিস-আদালত বন্ধ থাকে তাই আমরা এই কাজটি করেছি। আগামীতে ঘোষণা দিয়ে আমরা এসব কাজ করব। ’


