দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন চিকারকান্দি গ্রামের ছমির উদ্দিন, কমরু মিয়া ও আউয়াল মিয়াসহ
স্থানীয় এলাকাবাসী।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের সিকন্দর আলীর বাড়ীর সম্মুখ হইতে আবিদ আলীর বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের জন্য পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ থেকে টিআর প্রকল্পের মাধ্যমে ১,১০,২৩২ টাকা প্রদান করা হয়। কিন্তু স্থানীয় ইউপি সদস্য মো. আবদাল মিয়া প্রকল্পের কোন কাজ না করে পুরো টাকাই আত্মসাৎ করেছেন।
অপরদিকে একই গ্রামের নতুন ব্রীজের সামনা থেকে প্রধান সড়ক পর্যন্ত রাস্তায় মাটি ভরাট করার জন্য পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ থেকে টিআর প্রকল্পের মাধ্যমে ১,৫০,০০০ টাকা প্রদান করা হয়। কিন্তু স্থানীয় ইউপি সদস্যা আফরোজা বেগম প্রকল্পের কোন কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন।
ইউপি সদস্য আবদাল মিয়া জানান, বর্ণিত প্রকল্পটি ভুলক্রমে চিকারকান্দি লিখা হয়েছে। কিন্তু প্রকল্পটি মনবেগ এলাকায় ছিল। আমি মনবেগ এলাকার কাজটি সম্পন্ন করেছি।
ইউপি সদস্য আফরোজা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বলেন,‘ অভিযুক্তদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য বলেছি। সপ্তাহখানেকের মধ্যে অভিযুক্তরা টাকা ফেরত দেবে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) জিনাত রহমান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


