শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রাম থেকে রাতের আঁধারে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে সুনাই মিয়ার বাড়িতে। এ ব্যাপারে বৃহস্পতিবার সুনাই মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুনাই মিয়া গরু মোটাতাজাকরণ করে করে সংসার চালান। এ বছর ছোট বড় ১০ টি গরু তিনি পালন করেছিলেন। বুধবার রাতে গরুগুলো গোয়ালঘরে রাখার পর দরজা তালাবদ্ধ করে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন তিনি। রাত অনুমান ১১ টা ৪৫ মিনিট থেকে ৪টার মধ্যে সময়ে অজ্ঞাতনামা চোরেরা তার ১ টি ষাঁড় ও ২ টি গাভি বাছুর চুরি করে নিয়ে যায়। যার মূল্য অনুমান ১ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি। ভোরে সুনাই মিয়া গরুগুলো হাওরে নিয়ে যাওয়ার জন্য গোয়াল ঘরের সামনে গিয়ে দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে ঘরে ঢুকে করে দেখতে পান গোয়ালঘরে তার ৩ টি গরু নাই। অনেক খোঁজাখোঁজির পর চুুরখাই গ্রামের হাওরের ধানক্ষেতে ১ গাভির বাচুর পেলেও অন্যান্য গরুগুলো না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এ ব্যাপারে ভোক্তভোগী সুনাই মিয়া বলেন, আমি গরু লালন পালন ও ক্রয় বিক্রয় করে আমার সংসার চালাই। এই গরুগুলো চুরি হওয়ায় আমি এখন নিঃস্ব।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদেরকে আইনের আওতায় আনা সহ গরুগুলো উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


