পৌর শহরে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর

স্টাফ রিপোর্টার
পৌর শহরে হঠাৎ করেই বেড়ে গিয়েছে ট্রাক্টরের সংখ্যা। শব্দ দূষণ ও রাস্তায় দ্রুত গতিতে চালিয়ে ধূলা উড়িয়ে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতি করছে সড়ক ও বিভিন্ন স্কুল পড়–য়া শিক্ষার্থীদের। সাধারণত কৃষি কাজে ট্রাক্টর ব্যবহার করা হলেও বর্তমানের সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে বালি ও পাথর সহ অন্যান্য মালামাল পরিবহনে এই অবৈধ যান ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন পৌর এলাকার রাস্তাগুলোতে দিনে রাতে চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার রাস্তা-ঘাট।
পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ট্রাক্টর চলাচলের নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। দিনের বেলায় কোন রকমের ট্রাক্টর ব্যবহার করা যাবে না বলে মৌখিকভাবে সকল ট্রাক্টর চালকদের জানিয়ে দিয়েছিলো পৌরসভা। কিন্তু পৌরসভার এসব নিষেধাজ্ঞা না মেনেই দিনের বেলায় চলছে ট্রাক্টর।
সরজমিনে, শহরের হোসেন বখত চত্বর, ময়নার পয়েন্ট, হাছননগর, নবীনগর, বিহারী পয়েন্ট, ওয়েজখালী এলাকায় ট্রাক্টর চলাচল করতে দেখা যায়। গাড়ির ওজন বেশি হওয়ার পরেও অতিরিক্ত মালামাল বহন করেই চলছে এসব ট্রাক্টর। পৌরসভার বেঁধে দেওয়া সময় মেনে চললে নাকি ট্রাক্টর চালকদের ঘরে খাবার জুটবে না বলে জানিয়েছেন ট্রাক্টর চালকরা।
ময়নার পয়েন্টের বাসিন্দা সালমান শান্ত বলেন, ট্রাক্টর এখন রোজই চলছে। ট্রাক্টরের শব্দে আমাদের কানের সমস্যা করে। পৌরসভার উচিৎ এইগুলো চলাচলে নিয়ম বেঁধে দেওয়া।
ওয়েজখালী এলাকার দুলন আহমেদ বলেন, ট্রাক্টর চলাচলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাক্টর চালকদের রাস্তা দিয়ে না আসতে বললে তারা খুব খারাপ ব্যবহার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক্টর চালক বলেন, পৌরসভা কি আমাদের ভাত দিবো, তারা যে সময় দিসে এই সময়ে কোন কাস্টমার আইবো না। তাইলে আমাদের ঘরে খাবার আসবো কই থেকে।
সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, নতুনপাড়া, শান্তিবাগ এলাকার রাস্তায় খুব ক্ষতি করেছে ট্রাক্টর। এতো টাকা খরচ করে রাস্তা নির্মাণ করা হলেও এই সব ভারি ট্রাক্টর ও ট্রাকের কারণে এই রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। যে রাস্তাঘাট মেরামত করা হবে সেগুলোতে যে কোন রকমের ভারি যানবাহন না চলে সেদিকে লক্ষ রাখতে হবে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, বর্তমানে সুনামগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজের স্বার্থে একটি ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। এটিও সন্ধ্যায় চলাচল করে। কিন্তু আমরা বলে দিয়েছি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ট্রাক্টর চলাচল করতে পারবে। দিনের বেলায় ট্রাক্টর চলাচল করলে পৌরসভা ব্যবস্থা নেবে।