পুলক রাজ
জামাইপাড়া, উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম নতুনপাড়া, বাঁধনপাড়া, হাজীপাড়া, কালীবাড়ী নিয়ে ৫ নম্বর ওয়ার্ড গঠন হয়েছে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় সাড়ে ৫ হাজার ভোটার। সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন বর্তমান কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, অ্যাড. বিমান কান্তি রায়, মো. সামছুল ইসলাম পারভেজ, আবু বকর সিদ্দিক আনাছ, মো. সাহিন মিয়া, নিহার রঞ্জন দাস দিলু, এমদাদুল হক, গনেশ রায়, আলী আছহাব তপু।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সুনামগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রয়েছেন এই ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডও এর
ব্যতিক্রম নয়। প্রতিদিনই প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। আশির্বাদ ও দোয়া প্রার্থনা করছেন। সড়কের পাশে লিফলেট, পোষ্টার, বিলবোর্ড লাগাচ্ছেন। প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে মরিয়া প্রার্থীরা। সকল প্রার্থীই এলাকার সুষম উন্নয়ন করবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন।
বর্তমান কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু বলেন, গত নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। ৫ নম্বর ওয়ার্ডবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাকে নির্বাচিত করলে জনগণের সাথে মিলে-মিশে উন্নয়নমূলক কাজ করবো । আমি ওয়ার্ডের বিভিন্ন সড়কের কাজ করেছি। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছি। কিছু সড়ক ও ড্রেনেজে কাজ চলমান রয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার ওয়ার্ড। প্রতিদিন সন্ধ্যায় ভ্যান গাড়ী দিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে ময়লা আবর্জনা ঘর বাড়ি থেকে এবং সড়ক পরিষ্কার পরিচ্চন্ন করে। ইভটিজিং নির্মূল করেছি। সন্ত্রাস মুক্ত আমার ওয়ার্ড, তারপরও আমি সব সময় নজরে রাখি কেউ খারাপ কাজ করলো কি না।
তিনি বলেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লোহ আর আমার যৌথ উদ্যোগে কালীবাড়ী পুকুর কালীবাড়ী পূজা কমিটির কাছে ইজারা দিয়েছি। সংস্কৃত কলেজের জায়গা করে দিয়েছি। আলোকিত ওয়ার্ড গঠন করেছি। আমার নির্বাচনী ইশতেহারের প্রায় সব প্রতিশ্রুতি পূরণ করেছি। সবার সহযোগীতায় ও দোয়ায় আমি আমার ওয়ার্ডবাসীর পাশে থেকে গরীব মেহনতি মানুষের কাজ করে যেতে চাই।
সবার সহযোগীতা দোয়া-আশির্বাদ ভালোবাসায় আমাকে আবার কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করলে ৫ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দিতে চেষ্টা করবো।
অ্যাড. বিমান কান্তি রায় বলেন, শিক্ষা-ক্রীড়া-ঐতিহ্য-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনায় লালিত ৫ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের ধুলো-মাটি দেহে ধারণ করে বড় হয়েছি। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। পৌর নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থী হিসাবে আপনাদের কাছে আশির্বাদ দোয়া প্রার্থনা করছি। ৫ নম্বর ওয়ার্ডের সন্তান হিসেবে আপনাদের সেবায় নিজেকে নিয়জিত রাখার অঙ্গিকার নিয়ে আমি আমার নির্বচনী পথ শুভ সূচনা করতে চাই। আমি আমার সাধ্যমত মানুষের পাশে থাকার সীমিত সামর্থ অনুযায়ী মানুষের কল্যণে কাজ করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মুরব্বিয়ান ও বিজ্ঞজনদের পরামর্শ ও সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই একটি এলাকার সুষম উন্নয়ন সম্ভব। ভোট নাগরিকের পবিত্র আমানত। আসন্ন পৌর নির্বাচনে আমাকে ভোট দিলে ঐতিহ্যবাহী ৫ নম্বর ওয়ার্ডের সকল নাগরিকের মৌলিক অধিকার বাস্তবায়ন ও সামগ্রিক উন্নয়নে কাজ করার চেষ্টা করবো।
মো. সামছুল ইসলাম পারভেজ বলেন, সুনামগঞ্জ পৌরসভার অন্যতম ঐতিহ্যবাহী ওয়ার্ড হলো ৫ নং ওয়ার্ড। পারস্পরিক সহমর্মিতা ও এলাকার সুষম উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনে সকলের মতামতের ভিত্তিতে কাজ করে যাওয়ার লক্ষ্যেই আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। বিগত দিনগুলোতে এই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সামর্থ অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। জয় পরাজয় যাই হোক না কেন আমি মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
আবু বকর সিদ্দিক আনাছ বলেন, মাদক, ইভটিজিং ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করব। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এলঅকাবাসীকে সঙ্গে নিয়ে পদক্ষেপ নিব। অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। ওয়ার্ডবাসীর সুখে দুঃখে পাশে থাকব।
মো. সাহিন মিয়া বলেন, বিগত দিনে আমি ওয়ার্ডবাসীর পাশে ছিলাম। সাধ্যমত কাজ করেছি। আগামীতেও ওয়ার্ডের উন্নয়নে যাতে জোরালো ভূমিকা রাখতে পারি সেজন্য ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করছি।


