প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট- সংযোগ দেয়া হবে -বনমালী ভৌমিক

স্টাফ রিপোর্টার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক বলেছেন,‘বর্তমান সরকার দেশের সকল শ্রেণী পেশার লোকজনের কাছে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে মানুষ ডিজিটাল তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছেন। ডিজিটাল প্রযুক্তির সেবা ও সুযোগ সুবিধা পৌঁছে দিতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেয়া হবে। নতুন প্রজন্মের তরুণরা যাতে তথ্য -প্রযুক্তির সেবা সহজে নিতে পারে তাই সারা দেশের ১০০০ পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন গড়ে তুলা হবে।’
তৃণমূলের তথ্যজানালা সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের সফল উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইসিটি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ,প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প, তথ্যসেবা বার্তা সংস্থার উদ্যোগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়নে ১৪০ জন ডিজিটাল          
সেন্টারের উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবাদ সংস্থা বাসসের সিটি এডিটর ও কমিউনিকেশন স্পেশালিষ্ট অজিত কুমার সরকার।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন তৃণমূলের তথ্যজানালা-এর সহযোগী গবেষণা কর্মকর্তা মো. কাউছার উদ্দিন মারুফ, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার প্রমুখ।