মরার উপর খাড়ার ঘাঁ- শীলাবৃষ্টিতে থেঁতলেছে ২ হাজার হেক্টর সবজি খেত

শহীদ নূর আহমেদ
বন্যা আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে জেলার প্রতিটি হাওরের যখন ফসলি জমি তলিয়ে যাচ্ছে তখনি শিলাবৃষ্টি  নামক আরেক প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন উপজেলার সবজি খেত নষ্ট করেছে। এ যেন কৃষকদের মাথায় মরার উপরে খারার ঘাঁ। সবর্স্ব বিনোয়োগ করে নষ্ট হওয়া সবজি নিয়ে বিলাপ করছেন  ক্ষতিগ্রস্ত কৃষকরা। সবজি খেতের সাথে সাথে শিলাবৃষ্টির আঘাতে বসত ঘরের টিনের চালা ছিদ্র হওয়ায় হতাশার মাত্রা বাড়িয়ে দিচ্ছে কৃষক পরিবারের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, শিলাবৃষ্টিতে সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজর ও ছাতকের প্রায় দুই হাজার হেক্টর সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দেয়া তথ্য অনুযায়ি ক্ষয়- ক্ষতির পরিমাণ দ্বিগুন।
জানা যায়, শনিবার গভীর ও রবিবার ভোর রাতে সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতকে দমকা হাওয়ার সাথে প্রায় ১০ থেকে ২০ মিনিট সময় ধরে প্রচন্ড শিলাবৃষ্টি হয়। শিলা বৃষ্টির আকার তুলনামূলক বড় হওয়ায়  সবজি ক্ষেত ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা।
সরেজমিনে সদর উপজেলার  সুরমা ইউনিয়ন ও জাহাঙ্গিরনগর ইউনিয়নের একাধিক সবজি ক্ষেত ঘুরে দেখা যায়,শিলা বৃষ্টির আঘাতে কৃষকের চাষ করা তরমুজ, টমেটো, বেগুন, ঢেরশ, কাঁচামরিচ, মিষ্টি লাউ, ছিছিঙ্গা, কাকরুল, শসা, ডাটা শাকসহ সকল সবজি শিলাবৃষ্টির আঘাতে থেঁতলে গেছে। এদিকে শিলা বৃষ্টির আঘাতে ঘরবাড়ি ও দোকানপাটের টিনের চালা ছিদ্র হয়ে গেছে।  
সদর উপজেলার বানীপুর, কৃষ্ণনগর এলাকার সিরাজ উদ্দিন, মজিবুর , তাজুল ইসলাম, নজরুল ইসলাম, দীন ইসলাম নামে কয়েকজন কৃষক বলেন, ‘বাঁধ ভেঙ্গে সকল ধান পানিতে গেছে। ভোর বেলায় শিলা বৃষ্টি আমাদের সকল সবজির নষ্ট করে দিয়েছে। ধার দেনা করে এত টাকা খরচ       করে  সবজি চাষ করলাম। আর পাথরের আঘাতে সকল সবজি মাটির সাথে মিশে গেল। আমরা এখন কি করব। কার কাছে যাব।’
সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সত্তার (ডিলার ) বলেন, সুরমা ইউনিয়নের সকল সবজি খেত শিলা বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে। ইউনিয়নের প্রায় ৫০ ভাগ মানুষের ঘরবাড়ি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত করছে। আমি সরেজমিনে কয়েকটি গ্রাম দেখে আসছি।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক জাহেদুল হক বলেন,‘ রবিবার ভোররাত্রে হওয়া শিলা বৃষ্টিতে বিভিন্ন উপজেলার সবজি খেত নষ্ট হয়েছে। যার পরিমাণ প্রায় ২ হাজার হেক্টর হবে বলে জানা গেছে।