প্রতিবন্ধী ভাতা নিতে এসে…

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় প্রতিবন্ধী ভাতা নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে সামছুল হক (৬৭) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। সামসুল হক উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা। সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সামছুল হক ওইদিন সকালে ধর্মপাশা সোনালী ব্যাংকে প্রতিবন্ধীর টাকা নিতে আসেন। সকাল ১০টার দিকে তিনি ভাতার বই ব্যাংকে জমা দিয়ে শারীরিক অসুস্থতার কথা বলে ব্যাংক থেকে বেরিয়ে যান। পরে ওই ব্যক্তির স্বজনেরা তাঁকে ব্যাংকের সামনে থেকে অসুস্থ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামসুল হককে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাঈম আকরাম শুভ বলেন, ‘হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।’
ধর্মপাশা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজীব বলেন, ‘প্রতিবন্ধী ভাতার বইটি জমা দিয়ে ওই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে যান। পরে শুনতে পেরেছি তিনি মারা গেছেন।’