ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে ডোবায় মাছ ধরার ছাঁই পাতাকে কেন্দ্র করে প্রতিবেশীর কিল ঘুষিতে সাইফুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সাইফুল একই ইউনিয়নের নওধার গ্রামের মৃত সুজন আলীর ছেলে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নওধার গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের বাড়ির পার্শ্ববর্তী তার একটি ডোবা ও জমি রয়েছে। কয়েকদিন আগে সেই ডোবা ও জমি ব্যবহার করে তার প্রতিবেশী কাশেম মাছ ধরার ছাঁই পাতে। সাইফুলের ছেলে জারিকুল ছাঁই তুলে নিতে কাশেমকে বলেছিল। কিন্তু কাশেম ছাঁই তুলে নেয়নি। বুধবার সকালে জারিকুল ডোবায় গিয়ে দেখে ছাঁই পাতা রয়েছে। এ সময় জারিকুল উচ্চবাচ্য করলে কাশেম ছুটে এসে তর্কে জড়ায়। খবর পেয়ে সাইফুল সেখানে ছুটে এসে জারিকুলকে বাড়িতে নিয়ে যায়। পরে সাইফুলের ছোট ভাই স্বপন কাশেমের বাড়ির সামনে দিয়ে বাজারে যেতে চাইলে কাশেমের লোকজন স্বপনের গতিপথ রোধ করে। সাইফুল সেখানে উপস্থিত হলে কাশেম, হেলাল ও দুলালের স্ত্রীর কিলঘুষিতে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার কৃষকের মৃত্যুর মূল কারণ জানা যাবে।’
- ‘নতুন শিক্ষাক্রম ২০২৩ এর আলোকে শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক সভা
- ধর্মপাশায় ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা


