প্রথমবারের মতো নিজস্ব কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিবে শান্তিগঞ্জের শিক্ষার্থীরা

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলার চার প্রতিষ্ঠান থেকে এবারই প্রথমবারের মতো উপজেলার নিজেস্ব কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। সারাদেশে বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে শান্তিগঞ্জে বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থী না থাকায় আগামী রবিবার যুক্তিবিদ্যা ১ম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা।
উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্র ও পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষায় মানবিক বিভাগে ৪২৬ জন ও ব্যবসায় বাণিজ্য বিভাগে ২২ জনসহ মোট ৪৫৮ জন অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ২৪৮ জন মেয়ে ও ২১০ জন ছেলে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ, আবদুল মজিদ কলেজ, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সুরমা হাইস্কুল এন্ড কলেজ।
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান, প্রভাষক ও সহকারি শিক্ষকদের দিকনির্দেশনা প্রদান করেছেন কেন্দ্র সচিব, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। বৃহস্পতিবার বেলা ১১টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এসময় সহকারি কেন্দ্র সচিব, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, হল সুপার নিহার রঞ্জন তালুকদার ও মদন মোহন সহ অন্যান্য প্রভাষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন বলেন, প্রথমবারের মতো উপজেলার নিজস্ব কেন্দ্রে পরীক্ষা নিতে পেরে আমরা আনন্দিত। এতে শিক্ষার্থীরা বেশ উপকৃত হবেন। সুনামগঞ্জ সদর কিংবা দিরাই গিয়ে পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা গ্রহণের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি ভালোভাবেই পরীক্ষা শেষ করতে পারবো।