প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩,৮৪৩ জন

স্টাফ রিপোর্টার
প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সমাপনী পরীক্ষা শুরু হয়।
এবার সুনামগঞ্জ জেলায় ৫১ হাজার ১শত ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৮শত ৪৩জন শিক্ষার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৭ হাজার ৩৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। জেলার ১শত ৮৭টি কেন্দ্রে ১ হাজার ৪শত ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় উপস্থিত ছিল ৪৩ হাজার ৭শত ৫৪জন শিক্ষাথী। যা মোট পরীক্ষার্থীর ৯৩.০২ শতাংশ। অনুপস্থিত ৩হাজার ২শত
৮৫জন শিক্ষার্থী।
অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ১শত ৩৪ জন অংশ নিয়েছে। প্রথমদিনের পরীক্ষায় উপস্থিত ছিল ৩হাজার ৫শত ৭৬জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৫০ শতাংশ। অনুপস্থিত ৫৫৮ জন শিক্ষার্থী।
জানা যায়, পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর প্রাথমিকের বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে প্রথদিনের পরীক্ষার সময় তাহিরপুর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মিকাইল। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর মডেল প্রাথমিক বিদ্যালয়, উজানীগাঁও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক এ. কে. এম সাফায়েত আলম, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, প্রথম দিনের সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দয়িত্বপ্রাপ্তরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পরীক্ষা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। সমাপনী পরীক্ষা সংক্রান্ত সব তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে।